সারাদেশ

কক্সবাজারে বেড়াতে যাওয়ার পথে প্রাণ গেল বাবা-মেয়ের


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ এএম

কক্সবাজারে বেড়াতে যাওয়ার পথে প্রাণ গেল বাবা-মেয়ের
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের বাবা ও মেয়ে প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

নিহতরা হলেন- ঢাকার উত্তরার বাসিন্দা মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) এবং তার তিন বছরের মেয়ে মুসকান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তরা থেকে পরিবার নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন গোলাম সরোয়ার। পথে মিরসরাইয়ের ঠাকুরদিঘী এলাকায় এসে তাদের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা-মেয়ে।

দুর্ঘটনার পর মিরসরাই ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত অবস্থায় পরিবারের অন্য সদস্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সাব-ইন্সপেক্টর বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ থানার হেফাজতে রাখা হয়েছে। গোলাম সরোয়ারের স্ত্রী ও ছেলে সামান্য আহত হলেও বর্তমানে তারা শঙ্কামুক্ত। আহত আরও দুই যাত্রীকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।