সারাদেশ

‘বিএনপি-আ.লীগ-জাতীয় পার্টি ভাই ভাই’ মন্তব্যে উখিয়ায় সমালোচনার ঝড়


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম

‘বিএনপি-আ.লীগ-জাতীয় পার্টি ভাই ভাই’ মন্তব্যে উখিয়ায় সমালোচনার ঝড়
বিএনপি নেতা জামাল মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সমর্থনে দেওয়া এক বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। বক্তব্যে স্থানীয় এক বিএনপি নেতা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে "ভাই ভাই" আখ্যা দিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

ঘটনাটি ঘটে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া ইউনিয়নে। জানা যায়, দক্ষিণ বিএনপির সভাপতি জামাল মাহমুদ চৌধুরী স্থানীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণায় অংশ নেন। এ সময় হাতে ছবি-সংবলিত লিফলেট নিয়ে তিনি বলেন— “বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি— আমরা সবাই ভাই ভাই। শাহজাহান চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চাই।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে ইনশাআল্লাহ সবাই মিলে শাহজাহান চৌধুরীকে জাতীয় সংসদে পাঠাব।” বক্তব্য শেষে তিনি দলের প্রার্থীর বিজয়ের জন্য দোয়া ও মোনাজাত করেন।

এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা মহলে তীব্র সমালোচনা শুরু হয়। বিশেষ করে উখিয়ার রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই প্রশ্ন তুলছেন— দলীয় নীতি ও অবস্থানের বাইরে গিয়ে এমন বক্তব্য কতটা যৌক্তিক।

উখিয়া বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, “বিএনপিকে দুর্বল করার জন্য ইচ্ছাকৃতভাবে এমন বক্তব্য দেওয়া হচ্ছে। এখনো ছাত্র-জনতার রক্ত শুকায়নি, লাশের গন্ধ রয়ে গেছে। এর মধ্যেই স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টিকে পুনর্বাসনের চেষ্টা করা জাতির সঙ্গে বেইমানি। এটি বিএনপির জন্য মারাত্মক ক্ষতিকর।”

তবে অভিযুক্ত বক্তব্যের বিষয়ে বিএনপি নেতা জামাল মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, “আমরা যখন পাড়া-মহল্লায় ধানের শীষের প্রচারণায় লিফলেট বিতরণ করি, তখন ওই বক্তব্য দিয়েছি। আমি তো খারাপ কিছু বলিনি। বক্তব্যটা আংশিক কেটে প্রচার করা হয়েছে।”

ঘটনাটি বর্তমানে উখিয়া জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।