সারাদেশ

চট্টগ্রামে বিদেশি মুদ্রাসহ ২০ কোটি টাকার জাল নোট উদ্ধার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১০:৫৭ পিএম

চট্টগ্রামে বিদেশি মুদ্রাসহ ২০ কোটি টাকার জাল নোট উদ্ধার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে এক চাঞ্চল্যকর অভিযানে বিদেশি মুদ্রাসহ প্রায় ২০ কোটি টাকার জাল নোট উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে মহানগরীর চান্দগাঁওয়ের বাকলিয়া এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব জাল মুদ্রা উদ্ধার করা হয়।

এ সময় তানজিব নামে এক অনলাইন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়, যিনি দীর্ঘদিন ধরে জাল মুদ্রা তৈরির ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত মুদ্রার মধ্যে রয়েছে বাংলাদেশি ৫০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত নোট, এছাড়াও ইউএস ডলার, ইউরো, দিরহাম ও সৌদি রিয়ালসহ পাঁচ দেশের জাল মুদ্রা। এসব মুদ্রা অত্যন্ত নিখুঁতভাবে ছাপানো হওয়ায় সাধারণ মানুষের পক্ষে আসল-নকল বুঝা কঠিন ছিল।

তদন্তে জানা গেছে, এই সংঘবদ্ধ চক্রটি চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকার কয়েকটি গোপন প্রেসে জাল মুদ্রা ছাপিয়ে অনলাইন মার্কেটপ্লেস ‘দারাজ’-এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দিত। সম্প্রতি সিলেটে জাল বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনায় র‍্যাব তদন্ত শুরু করে, এবং সেই সূত্র ধরে চট্টগ্রামে এই অভিযান পরিচালিত হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধরা পড়ে, চক্রটি শুধু স্থানীয় মুদ্রাই নয়, বিদেশি মুদ্রার জাল সংস্করণও তৈরি করে বাজারে ছড়িয়ে দিচ্ছিল, যা বিদেশগামী যাত্রীদের কাছে বা ডলার-বাণিজ্য সংশ্লিষ্টদের মাধ্যমে বিনিময়ে ব্যবহার হতো।

র‍্যাব-৭ এর অধিনায়ক জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তিনি বলেন, “এই চক্রটি আধুনিক প্রিন্টিং সরঞ্জাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে দেশজুড়ে জাল মুদ্রা সরবরাহ করছিল। তাদের গ্রেপ্তারের মাধ্যমে বড় একটি প্রতারণা চক্র ভেঙে দেওয়া সম্ভব হয়েছে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, এই চক্রটির আন্তর্জাতিক সংযোগও থাকতে পারে, কারণ উদ্ধারকৃত মুদ্রার মধ্যে বিভিন্ন দেশের জাল নোট পাওয়া গেছে। র‍্যাব জানিয়েছে, এ ঘটনায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও জাল মুদ্রা সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।