সারাদেশ

নোয়াখালীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে যুবককে কুপিয়ে হত্যা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১১:২৮ এএম

নোয়াখালীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে যুবককে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল কাদের জিলানী ওরফে কান কাটা কাদিরা (৪২) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত কাদের চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোফরান মিয়ার বাড়ির মো. গোফরানের ছেলে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চেরাং বাড়ির দরজায়। খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে মরদেহটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কাদের প্রায় সাত-আট মাস আগে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্থানীয় কিছু প্রভাবশালী যুবকের সঙ্গে আধিপত্য নিয়ে তার বিরোধ দেখা দেয়। শুক্রবার রাতে ওই বিরোধের জের ধরে কে বা কারা তাকে বেধড়ক পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। পরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে ঘাতকরা পালিয়ে যায়।

স্থানীয়রা ধারণা করছেন, পূর্বশত্রুতার জেরে কাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি লিটন দেওয়ান) জানান, নিহতের শ্বশুরের বরাত দিয়ে জানা গেছে, কাদের দীর্ঘদিন ধরে অপরাধ জগতে জড়িত ছিলেন এবং পরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিল শিথিল। তার বিরুদ্ধে মাদক ও মারামারিসহ চারটি মামলা রয়েছে।

ওসি আরও বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে।”

পুলিশের ধারণা, এটি আধিপত্য বিস্তার ও ব্যক্তিগত শত্রুতার জেরে সংঘটিত হত্যাকাণ্ড, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।