সারাদেশ

এশার আজান দেওয়ার সময় মসজিদেই ইমামের মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:৩১ এএম

এশার আজান দেওয়ার সময় মসজিদেই ইমামের মৃত্যু
ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলায় এশার আজান দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন এক মসজিদের ইমাম ও খতিব। শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে পীরযাত্রাপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. আমিনুল ইসলাম (৪৮) গোপিনাথপুর কাজীবাড়ি এলাকার প্রয়াত শামসুল আলমের ছেলে। তিনি দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে স্থানীয় মাস্টারবাড়ি পাঞ্জেগানা মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি প্রায় এক দশক ধরে কণ্ঠনগর দক্ষিণপাড়া দারুল সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি এশার নামাজের জন্য আজান দিচ্ছিলেন। আজানের মাঝপথে হঠাৎ অসুস্থ হয়ে মসজিদের ভেতরেই লুটিয়ে পড়েন। উপস্থিত মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম রব্বানী সোহেল পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য স্বজন, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। রোববার (১২ জুলাই) বাদ জোহর কণ্ঠনগর গ্রামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আজানরত অবস্থায় একজন ইমামের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় মুসল্লি, আলেম-ওলামা ও সর্বস্তরের মানুষ তার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।