সারাদেশ
বাজেটে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো হয়েছে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অর্থমন্ত্রী গতকাল বাজেট ঘোষণা করেছেন। এই বাজেট অন্তত্য বাস্তব ভিত্তিক এবং এদেশের মানুষের মঙ্গলজনক যে পদক্ষেপ নিয়েছেন তা অধিকাংশই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিন্তু কমানো হয়েছে। চলতি অর্থ বছরেই তা বাস্তবায়ন করব।
শুক্রবার (১২ জুন) সকালে টাঙ্গাইলের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক জরাজীর্ণ ভাসানী হল পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভাসানী হল টাঙ্গাইলের জন্য অত্যন্ত ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ। বর্তমানে টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনে যারা বিচরণ করেন, তাদের অনুষ্ঠান করার মতো কোনো জায়গা নেই। মওলানা ভাসানী বাংলাদেশের ইতিহাসে একজন মহান নেতা। কাজেই তাঁর স্মৃতিবিজড়িত এই ভাসানী হলকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের সবার।
হলটির ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের সাংস্কৃতিক কেন্দ্র ‘ভাসানী হল’ দীর্ঘদিনের অবহেলায় জৌলুস হারিয়েছে। যেহেতু এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্বোধন করেছিলেন, তাই এর গুরুত্ব অনেক। অথচ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ঐতিহাসিক ভাসানী হল ভবনটিকে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল।
প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলকে এক সময় সাংস্কৃতিক নগরী বলা হতো। সেই নগরীতে এভাবে একটি মিলনায়তন বছরের পর বছর পরিত্যক্ত পড়ে থাকবে, তা হতে পারে না। টাঙ্গাইলের সাংস্কৃতিক চর্চা ফিরিয়ে আনতে এবং স্থানীয় শিল্পীদের জন্য উপযুক্ত স্থান নিশ্চিত করতে এই হলের সংস্কার কার্যক্রম দ্রুত শুরু করা হবে। আমরা ইতোমধ্যেই এটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। যত দ্রুত সম্ভব কাজ শেষ করা যায়, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একটি ‘মডেল টাঙ্গাইল’ গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি।
এ সময় পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন- গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন মিয়া প্রমুখ।