সারাদেশ
অবৈধ পশুখাদ্য উৎপাদন, জীবননগরে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে পশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত তদারকি অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
তিনি জানান, অভিযানের সময় ‘তীর’ ব্র্যান্ডের নামে অবৈধভাবে গমের ভূষি উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মেসার্স শাহীন ট্রেডার্সের স্বত্বাধিকারী সাইফুল হককে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
এসময় ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক দামে পণ্য বিক্রি করা এবং মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য, ওষুধ ও বীজ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জীবননগর থানার পুলিশ সদস্যরা।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।