সারাদেশ

গোপালগঞ্জের নদীপথে কোস্ট গার্ড ও নৌবাহিনীর কড়া নজরদারি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৩:৪৯ পিএম

গোপালগঞ্জের নদীপথে কোস্ট গার্ড ও নৌবাহিনীর কড়া নজরদারি
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের নদীপথে দুষ্কৃতিকারীদের গতিবিধি রুখতে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ টহল অভিযান জোরদার করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, সম্প্রতি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর সংঘটিত সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যৌথ বাহিনীর সদস্যরা নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে নদীপথে নজরদারি আরও জোরদার করা হয়েছে, যাতে করে কোনো দুষ্কৃতিকারী বা সন্দেহভাজন ব্যক্তি নৌপথ ব্যবহার করে পালিয়ে যেতে না পারে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, “নদীপথে যাতায়াতকারী প্রতিটি নৌযানে তল্লাশি চালানো হচ্ছে। যাত্রীদের পরিচয় যাচাই করা হচ্ছে। সেই সঙ্গে সন্দেহভাজন কোনো গতিবিধি চোখে পড়লে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, “বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী দেশবাসীর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করছে। যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা রোধে আমরা প্রস্তুত রয়েছি। জনগণের জানমাল রক্ষা করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”