সারাদেশ

সিলেটে সাদা পাথর লুট কাণ্ডে পদ হারানো বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেফতার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম

সিলেটে সাদা পাথর লুট কাণ্ডে পদ হারানো বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেফতার
সাহাব উদ্দিন। ছবি: সংগৃহীত

সিলেটের বহুল আলোচিত ভোলাগঞ্জ সাদা পাথর লুট কাণ্ডে জড়িত থাকার অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির স্থগিত সভাপতি সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ সাদা পাথর উত্তোলন করা হয়। গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে তদন্তে নামে র‍্যাব এবং অভিযুক্তদের গ্রেফতারে শুরু হয় তৎপরতা।

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর সিপিএসসি সিলেটের একটি দল কুমারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সাহাব উদ্দিনকে আটক করে। তাকে ভোলাগঞ্জ সাদাপাথর লুটপাটের অন্যতম মূলহোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার শহিদুল ইসলাম সোহাগ বলেন, কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় সাহাব উদ্দিনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, বিএনপির স্থানীয় নেতারা জানিয়েছেন, সাদা পাথর লুটপাটের ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় আগেই তার পদ স্থগিত করা হয়েছিল।