সারাদেশ

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৭:২১ পিএম

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই
সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই। ছবি: সংগৃহীত

মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ আব্দুল মতিন মারা গেছেন। সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া আসনের সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। আব্দুল মতিনের মৃত্যুতে কুলাউড়াসহ পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। রাজনৈতিক সহকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

জানা যায়, ১৯৪৫ সালের ১৭ মার্চ কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল মতিন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্থানীয় ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট সমর্থিত প্রার্থীর পক্ষে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

রাজনৈতিক জীবনে তিনি দুইবার কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সর্বশেষ জেলা ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।

পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। মৃত্যুর পর তার মরদেহ কুলাউড়ায় নেওয়া হচ্ছে। মঙ্গলবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।