সারাদেশ
নওগাঁয় কাঠবোঝাই ট্রাকচাপায় প্রাণ গেল মা-মেয়ের
নওগাঁর পত্নীতলা উপজেলায় কাঠবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে এক মা ও তার মেয়ে নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নজিপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্টি গ্রামের কাওছার আলীর স্ত্রী খাতিজা (২৮) এবং তার মেয়ে ফাতেমা (৯)।
পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা যায়, কাওছার আলী স্ত্রী ও কন্যাকে নিয়ে মোটরসাইকেলে করে নজিপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি নজিপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় সাপাহার থেকে আসা নজিপুরগামী একটি কাঠবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ ও উৎসুক জনতা ট্রাকটি ভাঙচুর করে এবং চালককে মারধর করে।
এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাক চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে।