খেলা

তাসকিনের বিরুদ্ধে জিডি প্রত্যাহার করলেন বন্ধু সৌরভ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০১:২৪ পিএম

তাসকিনের বিরুদ্ধে জিডি প্রত্যাহার করলেন বন্ধু সৌরভ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে করা মারধরের সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহার করে নিয়েছেন তার বন্ধু সিফাতুর রহমান সৌরভ। বিষয়টি পারিবারিক আলোচনার মাধ্যমে মীমাংসা হওয়ায় সৌরভ আনুষ্ঠানিকভাবে মিরপুর মডেল থানায় দায়ের করা অভিযোগ তুলে নেন।

এর আগে গত ২৮ জুলাই হঠাৎ তাসকিনকে নিয়ে সরব হয়ে ওঠে দেশের ক্রীড়াঙ্গন। মাঠের বাইরের ঘটনায় তাসকিনের বিরুদ্ধে ওঠে বন্ধুকে মারধরের অভিযোগ। অভিযোগের ভিত্তিতে সিফাতুর রহমান সৌরভ মিরপুর মডেল থানায় একটি জিডি করেন, যাতে তিনি উল্লেখ করেন—সোনি সিনেমা হলের সামনে তাসকিন তাকে ডেকে নিয়ে গিয়ে ঘুষি মারেন ও হুমকি দেন।

ঘটনার পরিপ্রেক্ষিতে মিরপুর থানার ওসি সাজ্জাদুর রহমান বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে।

তবে এ ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করে তাসকিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে অভিযোগ অস্বীকার করেন এবং নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, বিষয়টি অতিরঞ্জিত করা হয়েছে এবং বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে।

 

taskin-1-Dhaka Prokah News-30-07-2025.jpg
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ।  ছবি: সংগৃহীত

অবশেষে দুই পরিবারের আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয় এবং সৌরভ তাসকিনের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করে নেন। গণমাধ্যমে তিনি জানান, “বন্ধুর ক্যারিয়ার ও দীর্ঘদিনের সম্পর্কের কথা ভেবেই বিষয়টি এগিয়ে নিতে চাইনি। ভুল বোঝাবুঝি ছিল, সেটা মিটে গেছে।”

এ ঘটনায় স্বস্তি ফিরেছে তাসকিন ভক্তদের মাঝেও।