খেলা
জিসানের ঝড়ো ব্যাটিংয়ে নেপালের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ‘এ’ দল
পাকিস্তান শাহিনসের বিপক্ষে সিরিজ শুরুটা হার দিয়ে হলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ‘এ’ দল। নেপালকে ৩২ রানে হারিয়ে সিরিজে দারুণভাবে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। ওপেনার জিসান আলম ৪৬ বলে ৭৩ রান করে দলকে শক্ত ভিত গড়ে দেন। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৫টি ছক্কা। অপরাজিত থেকে ২৩ বলে ৪৮ রান করেন আফিফ হোসেন, যিনি ৯টি চার মেরে নিজের ইনিংসকে সমৃদ্ধ করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে নেপাল। দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। একপ্রান্তে লড়াই চালিয়ে যান কুশল মাল্লা, যিনি ৪৭ বলে ৫৯ রান করে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে আসিফ শেখের ব্যাট থেকে।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রাকিবুল হাসান। তিনি ১৮ রান খরচায় নেন ৩ উইকেট। হাসান মাহমুদ ২টি এবং রিপন মন্ডল ও তোফায়েল আহমেদ নেন একটি করে উইকেট।
নেপালের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নেন রিজান ধাকল। এছাড়া কারান কেসি, নন্দন যাদব ও সন্দীপ লামিচানে নেন একটি করে উইকেট।
জিসানের ঝড়ো ব্যাটিং আর আফিফের শেষের ক্যামিওতেই মূলত সহজ জয় পায় বাংলাদেশ ‘এ’ দল।