খেলা

অবসরের ঘোষণা দিলেন বাঁহাতি তারকা পেসার মিচেল স্টার্ক


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ এএম

অবসরের ঘোষণা দিলেন বাঁহাতি তারকা পেসার মিচেল স্টার্ক
অস্ট্রেলিয়ার বাঁহাতি তারকা পেসার মিচেল স্টার্ক। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বাঁহাতি তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে ৩৫ বছর বয়সী এই বোলার আনুষ্ঠানিকভাবে জানান, তিনি আর টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবেন না। তবে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে মনোযোগী হয়ে নিজের ক্যারিয়ার চালিয়ে যাবেন।

স্টার্ক জানিয়েছেন, সামনে রয়েছে বড় বড় চ্যালেঞ্জ—বিশেষ করে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ এবং অ্যাশেজ সিরিজ। এ ছাড়া ভারতের মাটিতে আসন্ন টেস্ট সিরিজও তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শরীর ও মানসিকভাবে ফিট থাকতে তিনি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে ৬৫টি ম্যাচে অংশ নিয়ে ৭৯টি উইকেট নিয়েছেন। জাতীয় দলে তিনি অ্যাডাম জাম্পার পর দ্বিতীয় সর্বোচ্চ টি-টোয়েন্টি উইকেটশিকারি। ২০২১ সালে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে তার অবদান ছিল অবিস্মরণীয়।

অবসরের কারণ ব্যাখ্যা করে স্টার্ক বলেন, “সামনে অ্যাশেজ রয়েছে, এরপর ভারতের মাটিতে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজও খেলব আমরা। শরীর ও মানসিকভাবে ফিট থাকতে টি-টোয়েন্টি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া আমার জন্য জরুরি ছিল।”

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি স্টার্কের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলেন, “স্টার্ক যে অবদান রেখে গেছেন, অস্ট্রেলিয়া ক্রিকেট তা কখনো ভুলবে না। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।”

 

stack-Dhaka Prokah News-02-09-2025.jpg
অস্ট্রেলিয়ার বাঁহাতি তারকা পেসার মিচেল স্টার্ক। ছবি: সংগৃহীত

সবসময় টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়া স্টার্ক এবার নিজেকে আরও বেশি প্রস্তুত রাখতে চাইছেন দীর্ঘ ফরম্যাটে। ২০২৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার টানা ব্যস্ত সূচি বিবেচনায় সংক্ষিপ্ত ফরম্যাট থেকে সরে যাওয়া তার কাছে সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত মনে হয়েছে।