খেলা
বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এর আগে তিনি নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছিলেন। তবে এবার হঠাৎ করেই মত পরিবর্তন করে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানালেন তিনি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, “আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই। অক্টোবরে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করবো। সঠিকভাবে নির্বাচন হবে। এখানে সরাসরি সভাপতি নির্বাচন হয় না, পরিচালকদের নির্বাচন হয়। প্রথমে সেখানেই প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করবো। পরবর্তীতে যদি সুযোগ হয়, আমি চেষ্টা করবো যেভাবেই হোক দেশকে সার্ভ করতে।”
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচনে পরিচালকরা তিনটি ক্যাটাগরি থেকে নির্বাচিত হন—
- ঢাকাভিত্তিক ক্লাব থেকে ১২ জন পরিচালক (৭৬ জন কাউন্সিলরের ভোটে)
- আঞ্চলিক ও জেলা প্রতিনিধি থেকে ১০ জন পরিচালক
- অন্যান্য প্রতিনিধি কোটায় ১ জন পরিচালক
এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করেন আরও ২ জন পরিচালক। সবমিলিয়ে ২৫ জন পরিচালক নির্বাচিত হওয়ার পর তাদের ভোটে বিসিবির সভাপতি নির্বাচন করা হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিসিবির ভার্চুয়াল সভায় নির্বাচনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, অক্টোবরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বহুল আলোচিত এই নির্বাচন।