খেলা

পাকিস্তানকে হারিয়ে ফাইনালের দোরগোড়ায় আফগানিস্তান


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ এএম

পাকিস্তানকে হারিয়ে ফাইনালের দোরগোড়ায় আফগানিস্তান
ছবি: সংগৃহীত

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে আফগানিস্তান। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পাকিস্তানকে ১৮ রানে হারিয়ে রশিদ খানের দল এক পা রেখে দিয়েছে ফাইনালে।

প্রথমে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ১৬৯ রান তোলে। জবাবে পাকিস্তান পুরো ২০ ওভার খেলেও করতে পারে ১৫১ রান। ফলে সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিল আফগানরা। এই জয়ের মাধ্যমে ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান ম্যাচে পাকিস্তানেরও পয়েন্ট ৪, তবে নেট রান রেটে এগিয়ে রয়েছে আফগানিস্তান। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত দুই ম্যাচে কোনো জয় পায়নি।

ব্যাট হাতে আফগানিস্তানের হয়ে ঝড় তোলেন দুই ওপেনার সেদিকউল্লাহ ও ইব্রাহিম। প্রথম উইকেট দ্রুত হারানোর পর দুজন মিলে গড়েন ১১৩ রানের দুর্দান্ত জুটি। সেদিকউল্লাহ ৪৫ বলে ৬৪ রান করেন তিনটি চার ও তিনটি ছক্কায়। ইব্রাহিম খেলেন ৪৫ বলে ৬৫ রানের ইনিংস, যেখানে ছিল আটটি চার ও একটি ছক্কা। শেষদিকে অবশ্য আর বড় ইনিংস খেলতে পারেনি আফগান ব্যাটাররা। পাকিস্তানের হয়ে সর্বাধিক ৪ উইকেট নেন অলরাউন্ডার ফাহিম আশরাফ।

জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। দুই ওপেনার সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে দেন ফজলহক ফারুকি। ফখর জামান ও আগা সালমান কিছুটা প্রতিরোধ গড়লেও তা বেশিদূর টেকেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। শেষদিকে হারিস রউফ ১৬ বলে ৪ ছক্কায় ক্যারিয়ারসেরা ৩৪ রান করে কিছুটা আশা জাগালেও জয় ধরা দেয়নি পাকিস্তানের হাতে।

আফগানিস্তানের হয়ে বল হাতে নুর আহমেদ, মোহাম্মদ নবী, রশিদ খান ও ফজলহক ফারুকি নেন ২টি করে উইকেট। রহস্যময় স্পিনার আল্লাহ গজনফর করেন টি-টোয়েন্টিতে অভিষেক। যদিও ৩ ওভারে ২৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান – ২০ ওভারে ১৬৯/৫ (ইব্রাহিম ৬৫, সেদিকউল্লাহ ৬৪; আশরাফ ৪-০-২৭-৪)

পাকিস্তান – ২০ ওভারে ১৫১/৯ (হারিস রউফ ৩৪*, ফখর ২৫; ফারুকি ৩-০-২১-২, রশিদ ৪-০-৩০-২, নাবি ৪-০-২০-২, নুর ৪-০-২০-২)

ফল: আফগানিস্তান জয়ী ১৮ রানে।