খেলা

অনির্দিষ্টকালের জন্য স্থগিত এনসিএল টি-টোয়েন্টি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৭ পিএম

অনির্দিষ্টকালের জন্য স্থগিত এনসিএল টি-টোয়েন্টি
ছবি: সংগৃহীত

প্রথম আসরের সাফল্যের পর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসর নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। বিশেষ করে রাজশাহী ও বগুড়ায় ম্যাচ আয়োজন করায় স্থানীয় দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। তবে টানা বৃষ্টিতে সব পরিকল্পনায় পানি ঢেলে দেয় প্রকৃতি। পরপর একাধিক ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে আয়োজক কমিটি।

গত ১৪ সেপ্টেম্বর রাজশাহীতে অনুষ্ঠিত ম্যাচ দিয়ে দ্বিতীয় আসরের সূচনা হয়। তবে উদ্বোধনী ম্যাচেই বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। শেষ পর্যন্ত ৫ ওভারের সংক্ষিপ্ত সংস্করণে ম্যাচটি মাঠে গড়ালেও, একইদিন বগুড়ায় নির্ধারিত অপর ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

NCL_Dhakaprokash.jpg

পরদিন আবহাওয়ার পূর্বাভাসে আরও বৃষ্টির আশঙ্কা থাকায় বগুড়ার পরবর্তী ম্যাচগুলো রাজশাহীতে সরিয়ে নেওয়া হয়। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় সেখানে গিয়েও ম্যাচ আয়োজন সম্ভব হয়নি।

টানা তিনদিনের বৃষ্টিতে ছয়টি নির্ধারিত ম্যাচের মধ্যে পাঁচটিই পরিত্যক্ত হয়। শুধুমাত্র একটি ম্যাচ সীমিত ওভারে অনুষ্ঠিত হয়। এর পর আয়োজক কমিটি আবহাওয়ার উন্নতির কোনো নিশ্চয়তা না পেয়ে টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

টুর্নামেন্টের নতুন সময়সূচি সম্পর্কে পরবর্তীতে জানানো হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।