খেলা

রুদ্ধশ্বাস লড়াইয়ে সুপার ওভারে ভারতের জয়


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ এএম

রুদ্ধশ্বাস লড়াইয়ে সুপার ওভারে ভারতের জয়
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোর পর্বের শেষ ম্যাচে দেখা গেল চরম উত্তেজনা। পাথুম নিসাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরির পরও, শেষ পর্যন্ত সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত থেকেই ফাইনালে গেল ভারত।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটিতে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। শুরুতেই ওপেনার শুবমান গিলকে (৪) হারালেও, আরেক প্রান্তে ধ্বংসাত্মক রূপে আবির্ভূত হন ওপেনার অভিষেক শর্মা। মাত্র ৩১ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংস খেলে ভারতকে দারুণ সূচনা এনে দেন তিনি।

india avisejh.jpg
ছবি: সংগৃহীত

এরপর তিলক ভার্মা ও সাঞ্জু স্যামসন দলের রানের গতি ধরে রাখেন। স্যামসন ২৩ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন। শেষদিকে তিলক ভার্মা ৩৪ বলে ৪৯ রানে এবং অক্ষর প্যাটেল ১৫ বলে ২১ রানে অপরাজিত থাকলে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।

india.jpg
ছবি: সংগৃহীত

২০৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কুশল মেন্ডিসকে ‘গোল্ডেন ডাক’ হিসেবে হারায় শ্রীলঙ্কা। তবে টিকে থাকা ওপেনার পাথুম নিসাঙ্কা এবং তিনে নামা কুশল পেরেরা মিলে তাণ্ডব শুরু করেন। পেরেরা ৩২ বলে ৫৮ রান করে বিদায় নিলেও, নিসাঙ্কা একাই লড়ে যান। তিনি ৫৮ বলে ১০৭ রানের টর্নেডো সেঞ্চুরি হাঁকিয়ে একদম শেষ ওভারে আউট হন।

india4.jpg
ছবি: সংগৃহীত

শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ১২ রান। প্রথম বলে নিসাঙ্কা আউট হওয়ার পর শেষ বলে ২ রান নিলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে নাটকীয়তা ছিল আরও বেশি। ভারতের পেসার আর্শদ্বীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র ২ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে প্রথম বলেই ৩ রান নিয়ে ম্যাচ জিতে নেয় ভারত। এই জয়ে টুর্নামেন্টে নিজেদের অপরাজিত তকমা ধরে রেখেই ফাইনালে গেল টিম ইন্ডিয়া।