খেলা

টাইগ্রেসদের সামনে ইতিহাস গড়ার সুযোগ, আজ ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০১:০৩ পিএম

টাইগ্রেসদের সামনে ইতিহাস গড়ার সুযোগ, আজ ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ
ছবি: সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ এবার দ্বিতীয়বার অংশগ্রহণ করছে। ২০২২ সালের প্রথম অংশগ্রহণে পাকিস্তানকে হারিয়ে বিশ্ব মঞ্চে জয় স্বাদ পেয়েছিল লাল-সবুজের মেয়েরা। এবার ৫০ ওভারের বিশ্বকাপে টাইগ্রেসরা দেশের ক্রীড়া ইতিহাসে আরও এক ধাপ এগোতে চায়। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দেশ ছাড়ার আগে জানান, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোই দলের লক্ষ্য।

মহড়ার মতো প্রথম ম্যাচেই টাইগ্রেসরা পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ফাতেমা সানার দলকে পরাস্ত করেছে বাংলাদেশ। এরপর ২০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা, তবে তার আগে আজ মঙ্গলবার বিকাল ৩টা ৩০ মিনিটে গুয়াহাটিতে বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশ এখন পর্যন্ত একবার মুখোমুখি হয়েছে। ২০২২ সালের বিশ্বকাপে টাইগ্রেসরা ইংল্যান্ডের ২৩৪ রানের জবাবে ১৩৪ রানে গুটিয়ে গিয়েছিল। কঠিন এই ইতিহাসকে পেছনে রেখে এবারের আসরে টাইগ্রেসরা ইংলিশদের বিপক্ষে জয় ও প্রথমবারের মতো একটি আসরে দুইটি ম্যাচ জয়ের কৃতি গড়ার স্বপ্ন দেখছে।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আত্মবিশ্বাসী। তার কথায় ফুটে উঠেছে বাস্তববাদী মানসিকতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি। তিনি বলেন, “যদি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই সঠিকভাবে অবদান রাখতে পারি, তাহলে যেকোনো দলকে হারানো সম্ভব। আমরা বাস্তবিকভাবে ভালো ক্রিকেট খেলতে চাই, কম ভুল করতে চাই এবং আমাদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে চাই।”

বাংলাদেশের মতো ইংল্যান্ডও প্রথম ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে। গুয়াহাটিতে প্রোটিয়া মেয়েদের ৬৯ রানে অলআউট করে ১০ উইকেটে জয় পেয়েছে ইংলিশ দল। টি-২০য়ে চারবারের দেখায় ইংলিশদের কাছে হেরেছে বাংলাদেশ। কিন্তু পাকিস্তান ম্যাচের জয়ের প্রভাবে টাইগ্রেসরা আত্মবিশ্বাসী। বিশেষ করে বল হাতে মারুফা, নাহিদা ও স্বর্ণা এবং ব্যাট হাতে ঝিলেকদের পারফরম্যান্সে সমর্থকদের আশা জাগছে।

ইংলিশ অলরাউন্ডার চার্লি ডিনও স্বীকার করেছেন, “পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ, তাদের বোলিং আক্রমণ অসাধারণ। আমরা চেষ্টা করব মারুফার সুইং সামলাতে এবং স্পিনের বিপক্ষে দীর্ঘ ইনিংস খেলতে।”

আজকের ম্যাচে লাল-সবুজের মেয়েদের সামনে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ। আত্মবিশ্বাস, পরিকল্পনা এবং সামঞ্জস্যপূর্ণ পারফরম্যান্সে টাইগ্রেসরা চাইছে বিশ্বকাপের মঞ্চে নিজেদের শক্তি আরও দৃঢ়ভাবে প্রমাণ করতে।