খেলা

ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়া নারী দলের দুই ক্রিকেটার


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৪:৪৯ পিএম

ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়া নারী দলের দুই ক্রিকেটার
ছবি: সংগৃহীত

নারী ক্রিকেট বিশ্বকাপ খেলতে ভারতে অবস্থান করা অস্ট্রেলিয়া নারী দলের দুই ক্রিকেটার শ্লীলতাহানির শিকার হয়েছেন। মধ্যপ্রদেশের ইন্দোর শহরে টিম হোটেল থেকে হাঁটতে হাঁটতে একটি ক্যাফেতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, এক মোটরবাইক আরোহী তাদের উদ্দেশে অশালীন আচরণ করেন। সঙ্গে সঙ্গে দুই ক্রিকেটার দলের নিরাপত্তা টিমকে বিষয়টি জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্স, যিনি পরবর্তীতে এমআইজি পুলিশ স্টেশনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানিয়েছে, “ইন্দোরে একটি ক্যাফেতে হেঁটে যাওয়ার সময় অস্ট্রেলিয়া নারী দলের দুই সদস্যকে একজন মোটরসাইকেল আরোহী অনুপযুক্তভাবে স্পর্শ করেছিলেন। দলের নিরাপত্তা কর্মকর্তা তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানালে তারা তদন্ত শুরু করে।”

 

aus team 2-Dhaka Prokah News-25-10-2025.jpg
ছবি: সংগৃহীত

অভিযোগের পর সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্রা দুই অজি ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের বয়ান রেকর্ড করেন। দ্রুত তদন্ত শেষে শুক্রবার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে, জানিয়েছেন সাব-ইন্সপেক্টর নিধি রগুবংশী। তিনি বলেন, “দুই ক্রিকেটার যখন রাস্তা দিয়ে ক্যাফের দিকে যাচ্ছিলেন, তখন মোটরবাইক আরোহী তাদের অনুপযুক্তভাবে স্পর্শ করে পালিয়ে যায়।”

শ্লীলতাহানির এই ঘটনা ঘটে অস্ট্রেলিয়া দলের ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পরদিন। টুর্নামেন্টে এখন পর্যন্ত ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে অজিরা, একটি পরিত্যক্ত হয়েছিল। ১১ পয়েন্ট নিয়ে তারা ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী ধাপে উঠবে।