খেলা

বিসিবির নারী ক্রিকেট বিভাগের নতুন প্রধান রুবাবা দৌলা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৯:০৫ এএম

বিসিবির নারী ক্রিকেট বিভাগের নতুন প্রধান রুবাবা দৌলা
ছবি: সংগৃহীত

নানা বিতর্কের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী ক্রিকেট বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেলেন রুবাবা দৌলা।

সোমবার প্রকাশিত বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থায়ী কমিটিগুলোর পুনর্গঠনের অংশ হিসেবে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিসিবির একমাত্র নারী পরিচালক হিসেবে রুবাবার এই নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন ক্রিকেটসংশ্লিষ্টরা।

গত ৬ জুন অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের পর ২৩টি স্থায়ী কমিটির দায়িত্ব বণ্টন করা হলেও তখন রুবাবা দৌলা বোর্ড পরিচালক ছিলেন না। চলতি মাসের ৩ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদ তাকে পরিচালক হিসেবে মনোনয়ন দেয়। এর পরই তিনি নারী ক্রিকেট বিভাগের প্রধানের দায়িত্ব তুলে নিলেন আবদুর রাজ্জাকের কাছ থেকে।

এত দিন নারী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা জাতীয় দলের সাবেক স্পিনার আবদুর রাজ্জাককে এবার একই বিভাগের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। পাশাপাশি তাকে নতুন করে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধানের দায়িত্বও প্রদান করেছে বিসিবি। এর আগে এইচপি ইউনিটের দায়িত্বে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

পাইলটকে দায়িত্ব দেওয়া হয়েছে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হিসেবে। এই বিভাগের দায়িত্ব এত দিন পালন করছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নিজে। এখন বিপিএল গভর্নিং কাউন্সিলের পাশাপাশি আমিনুল ইসলামের হাতে থাকছে বোর্ডের ওয়ার্কিং কমিটির দায়িত্বও।

বিসিবির নতুন এই কমিটি পুনর্গঠনকে নারী ক্রিকেটের উন্নয়ন, পেশাদারিত্ব বৃদ্ধি এবং কাঠামোগত পরিবর্তনের সুযোগ হিসেবে দেখা হচ্ছে।