খেলা

বাংলাদেশে আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম

বাংলাদেশে আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএল আসর থেকে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। এ সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ উপস্থাপন করা হয়নি, যা বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়।

উল্লেখ্য, চলতি মৌসুমের আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ করে আসছিল। এরই প্রেক্ষিতে বিসিসিআই তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় এবং সেই নির্দেশ অনুসরণ করে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে দল থেকে ছেড়ে দেয়।