খেলা
মুস্তাফিজকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যা বলছে আইপিএল কর্তৃপক্ষ
কলকাতা নাইট রাইডার্স থেকে ছিটকে গেলেও বড় অংকের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে চুক্তি বাতিল হলেও আইপিএল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা নেই তার।
আইপিএল কর্তৃপক্ষের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে চুক্তিবদ্ধ হলেও মুস্তাফিজ কেন এক টাকাও পাচ্ছেন না, তা নিয়ে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে। এর নেপথ্যে রয়েছে আইপিএলের কঠোর বিমা ও চুক্তি নীতিমালা।
আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার যদি ইনজুরির কারণে টুর্নামেন্ট মিস করেন, তবেই কেবল বিমা থেকে অর্থ পাওয়ার সুযোগ থাকে। কিন্তু রাজনৈতিক চাপ বা বোর্ডের নির্দেশে চুক্তি বাতিল হলে সাধারণত ফ্র্যাঞ্চাইজি বা আইপিএল কর্তৃপক্ষ দায়ভার গ্রহণ করে না। যেহেতু মুস্তাফিজের বাদ পড়ার পেছনে তার ব্যক্তিগত কোনো কারণ নেই, তাই একে 'কন্ট্রাক্ট টার্মিনেশন' হিসেবে দেখা হচ্ছে যেখানে ক্ষতিপূরণের কোনো ধারা রাখা হয়নি।
এ ঘটনার পাল্টা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কা থাকায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচ ভারতের পরিবর্তে অন্যত্র আয়োজনের দাবি জানানো হয়েছে।