খেলা

বিগ ব্যাশে সাকিবকে পেছনে ফেলে রেকর্ড গড়লেন রিশাদ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম

বিগ ব্যাশে সাকিবকে পেছনে ফেলে রেকর্ড গড়লেন রিশাদ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে বাংলাদেশের পথিকৃৎ ছিলেন সাকিব আল হাসান। দুই মৌসুমে দুটি ভিন্ন দলের হয়ে খেলেও তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে সফল বোলার। তবে চলতি আসরে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে অভিষেক হওয়া রিশাদ নিজের প্রথম আসরেই নজর কাড়ছেন দুর্দান্ত পারফরম্যান্সে। ইতোমধ্যে তিনি বাংলাদেশি বোলারদের মধ্যে বিগ ব্যাশে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন।

শুক্রবার (গতকাল) বেলেরাইভ ওভালে নিজেদের মাঠে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামে হোবার্ট হারিকেন্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৮ রান তোলে হোবার্ট। ম্যাচে ব্যাট হাতে নামতে না হলেও বল হাতে আলো ছড়ান রিশাদ। ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। তার এই পারফরম্যান্সেই অ্যাডিলেডকে ৩৭ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের আধিপত্য ধরে রাখে হোবার্ট।

এই ম্যাচের মাধ্যমে আগের দুই ম্যাচে উইকেটশূন্য থাকার হতাশা কাটিয়ে ওঠেন রিশাদ। এখন পর্যন্ত ৮ ম্যাচে তার শিকার ১১ উইকেট। এর আগে সাকিব আল হাসান ৬ ম্যাচে ৯ উইকেট নিয়ে ছিলেন বাংলাদেশের হয়ে বিগ ব্যাশে সর্বোচ্চ উইকেটশিকারি। সেই রেকর্ড এবার নিজের করে নিলেন রিশাদ।

দুর্দান্ত বোলিংয়ের সুবাদে নিয়মিতই একাদশে জায়গা পাচ্ছেন এই লেগস্পিনার। চলতি আসরে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের তালিকায়ও তিনি রয়েছেন শীর্ষে। অ্যাডিলেডের লেগস্পিনার লয়েড পোপও তার সমান ১১ উইকেট সংগ্রহ করেছেন।

যদিও টুর্নামেন্টের প্রথম ম্যাচে উইকেট পাননি রিশাদ, মাঝের আরও দুটি ম্যাচেও ছিলেন উইকেটশূন্য। তবে বাকি ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে কার্যকর বোলিং করে যাচ্ছেন তিনি। দুটি ম্যাচে ৩টি করে এবং আরও দুটি ম্যাচে ২টি করে উইকেট নিয়ে উইকেটসংগ্রাহকদের তালিকায় নিজের অবস্থান শক্ত করেছেন।

বর্তমানে এবারের বিগ ব্যাশে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় রিশাদের অবস্থান ষষ্ঠ। তার সমান ১১ উইকেট নিয়ে তালিকায় আছেন ইংলিশ পেসার জেমি ওভারটন। সর্বোচ্চ ১৪ উইকেট নিয়ে এগিয়ে আছেন জ্যাক এডওয়ার্ডস ও গুরিন্দর সান্ধু। এ ছাড়া পিটার সিডল ও হারিস রউফের ঝুলিতে রয়েছে ১৩টি করে উইকেট। হোবার্টের আরেক বোলার নাথান এলিস পেয়েছেন ১২টি উইকেট।

রিশাদ ও এলিসের দুর্দান্ত বোলিংয়ে ভর করে হোবার্ট হারিকেন্স বর্তমানে ১২ পয়েন্ট নিয়ে বিগ ব্যাশের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।