খেলা

বিশ্বকাপ বয়কট করলে জিম্বাবুয়ে ছাড়া কেউ আমাদের সঙ্গে খেলবে না: সুজন


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম

বিশ্বকাপ বয়কট করলে জিম্বাবুয়ে ছাড়া কেউ আমাদের সঙ্গে খেলবে না: সুজন
ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করলে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। মোস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।

গত ডিসেম্বরে আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশ দলের এই তারকা পেসারকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের হুমকি ও নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে পরবর্তীতে বিসিসিআই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়।

এই ঘটনায় দেশজুড়ে প্রশ্ন উঠেছে- আইপিএলের মতো একটি টুর্নামেন্টে যদি একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে?

এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে দুই দফা চিঠির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সরকারও স্পষ্টভাবে জানিয়েছে, ভারতের মাটিতে বাংলাদেশ দলের খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলতে না পারার কথাও জানানো হয়েছে।

তবে সুজন মনে করেন, বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তিনি বলেন, ‘ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলে জিম্বাবুয়ে ছাড়া কেউ বাংলাদেশের সঙ্গে খেলতে চাইবে না।’

তিনি আরও বলেন, ‘তখন আপনি টিভি কাভারেজ পাবেন? আপনি কত টাকা আয় করবেন? এই আর্থিক আয় ছাড়া ক্রিকেট কীভাবে চালাবেন?’—এভাবেই বিশ্বকাপে না খেলার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে সতর্ক করেন সাবেক এই অধিনায়ক।