খেলা

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করলো আইসিসি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করলো আইসিসি
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার (২৪ জানুয়ারি) আইসিসি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানায়। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এ তথ্য প্রকাশ করেছে।

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাঞ্জোগ গুপ্তা বোর্ড সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান আইসিসির নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে নিতে বিসিবি অস্বীকৃতি জানানোয়, বাংলাদেশের জায়গায় অন্য একটি দলকে সুযোগ দেওয়া ছাড়া বিকল্প ছিল না বলে জানানো হয়।

এর আগে গত বুধবার আইসিসির বোর্ড সভা শেষে বাংলাদেশকে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি জানান, সরকার ও বোর্ড তাদের পূর্বের সিদ্ধান্তেই অটল রয়েছে।

আইসিসির ঘোষণায় জানানো হয়েছে, বাংলাদেশের বদলে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে খেলবে। গ্রুপ পর্বে তারা ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে, যেগুলো অনুষ্ঠিত হবে কলকাতায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটল্যান্ড।

এ বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পায়নি ক্রিকবাজ। তবে প্রতিবেদনে বলা হয়েছে, এ সিদ্ধান্তকে ঘিরে দুবাই ও এডিনবার্গের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে।