খেলা
ভারত ম্যাচ বয়কট নিয়ে প্রতিক্রিয়া জানালেন পাকিস্তান অধিনায়ক
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত হলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সালমান আলি আঘা।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিষয়টি ক্রিকেটারদের সিদ্ধান্ত নয়; সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্তই চূড়ান্ত।
রোববার (১ ফেব্রুয়ারি) এক প্রতিক্রিয়ায় সালমান আলি আঘা বলেন, “আমরা বিশ্বকাপে খেলতে যাচ্ছি। তবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করা আমাদের সিদ্ধান্ত নয়। এই বিষয়ে আমাদের কিছু করার নেই। সরকার ও পিসিবি চেয়ারম্যান যা সিদ্ধান্ত নেবেন, আমরা সেটাকেই সম্মান করব।” তিনি আরও বলেন, বোর্ড ও সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়াই খেলোয়াড় হিসেবে তাদের দায়িত্ব।
এর আগে একই দিন পাকিস্তান সরকার এক বিবৃতিতে জানায়, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমতি দেওয়া হয়েছে। তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
পিসিবি ও পাকিস্তান সরকারের যৌথ এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান দল বিশ্বকাপে অংশ নিলেও বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে না। বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, মাঠের বাইরের রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতার প্রভাবই এই সিদ্ধান্তে প্রতিফলিত হয়েছে। তবে খেলোয়াড়রা মাঠের পারফরম্যান্সেই মনোযোগ দিতে চান—এমন ইঙ্গিতই দিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা।