খেলা

জ্বর-অসুস্থতায় হাসপাতালে ভর্তি রিয়ালের তারকা এমবাপ্পে


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৪:১৭ পিএম

জ্বর-অসুস্থতায় হাসপাতালে ভর্তি রিয়ালের তারকা এমবাপ্পে
এমবাপ্পে। ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পে এখন কিছুটা শারীরিক সমস্যায় ভুগছেন। ক্লাব বিশ্বকাপের চলমান ম্যাচে আল হিলালের বিপক্ষে খেলতে না পারায় উদ্বেগ তৈরি হয়েছিল। এরপর রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ ঘোষণা করেছে, এমবাপ্পে তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিসে (পেটের পীড়া) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রিয়াল মাদ্রিদের এক অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, ‘ফুটবলারের শারীরিক অবস্থার যথাযথ পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ সূত্রগুলো বলছে, এমবাপ্পের জ্বরের সঙ্গে ডায়রিয়া থাকায় তার পেটে প্রচণ্ড পীড়া রয়েছে এবং ইনফেকশনের সম্ভাবনা রয়েছে, যা পরীক্ষা করে দেখার প্রয়োজন রয়েছে।

 

এমবাপ্পে। ছবি: সংগৃহীত

আল হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচের পর রিয়ালের কোচ জাবি আলোনসো জানিয়েছেন, এমবাপ্পে দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়। ২৩ জুন মেক্সিকোর পাচুকা ক্লাবের বিপক্ষে রিয়ালের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। কোচ আলোনসো বলেন, ‘গত দুই দিন ধরে এমবাপ্পের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। সে বেশ অসুস্থ। দ্বিতীয় ম্যাচে সে খেলতে পারবে কিনা তা এখন বলা যাচ্ছে না, আমরা সময় নিয়ে বিবেচনা করব।’

আল হিলালের বিপক্ষে এমবাপ্পের অনুপস্থিতিতে তরুণ স্প্যানিশ স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া রিয়ালের শুরু একাদশে সুযোগ পেয়েছিলেন। গঞ্জালো গার্সিয়া একমাত্র গোল করেন, যার জন্য রদ্রিগো গোয়েস অ্যাসিস্ট করেছিলেন। এমবাপ্পের দ্রুত সুস্থতা কামনা করছে রিয়াল ফ্যান ও ফুটবলপ্রেমীরা।