খেলা

নেইমারের ঝলকে সান্তোসের জয়, নজর কাড়লেন রবিনিওর ছেলে


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১২:৩৮ পিএম

নেইমারের ঝলকে সান্তোসের জয়, নজর কাড়লেন রবিনিওর ছেলে
ছবি: সংগৃহীত

নেইমার ফিরেছেন নিজের শেকড়ে, আর ফিরেই যেন প্রমাণ করলেন—তিনি এখনও সেই পুরোনো জাদুকরই আছেন। চুলে নতুন স্টাইল, চোখে পুরোনো আগুন—সব মিলিয়ে প্রীতি ম্যাচে নতুন করে আলো ছড়ালেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

শুক্রবার (১১ জুলাই) রাতে কারিয়াসিকার ক্লেবের আন্দ্রাদে স্টেডিয়ামে দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়ার বিপক্ষে মাঠে নামে সান্তোস। ম্যাচের শুরু থেকেই ছিল নেইমারকে ঘিরে উন্মাদনা।

neymar_santos1_Dhakaprokash.jpg

প্রথম একাদশে খেলতে নামা নেইমার ম্যাচের ২০ মিনিটেই পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন। এটি তার ট্রেডমার্ক গোল, যেখানে ঠাণ্ডা মাথায় বল জালে ঠেলতে দেখা যায় তাকে। এই গোলটি ছিল সান্তোসে ফেরার পর তার চতুর্থ গোল।

মাত্র ১১ মিনিট পরেই নেইমারের পাস থেকেই গিয়ের্মে দ্বিতীয় গোল করেন। এভাবেই ম্যাচের ৩১ মিনিটেই ২–০ গোলে এগিয়ে যায় সান্তোস। বিরতির পর মাঠে নামেননি নেইমার, তার বদলে খেলেন তরুণ ফুটবলার পাদুলা।

neymar_santos2_Dhakaprokash.jpg

এই ম্যাচেই সান্তোসের মূল দলে অভিষেক হয় ব্রাজিলিয়ান কিংবদন্তি রবিনিওর ছেলে রবিনিও জুনিয়রের। মাত্র ১৭ বছর বয়সী রবিনিও জুনিয়র বাবার ৭ নম্বর জার্সি পরে নামেন মাঠে, আর নিজের প্রথম ম্যাচেই গোল করান দিয়েগো পিতুচাকে, যা দিয়ে ম্যাচটি শেষ হয় ৩–১ ব্যবধানে।

ম্যাচশেষে নেইমার বলেন, "এ ধরনের ম্যাচ খেলার মাধ্যমে ছন্দে ফেরা যায়। দীর্ঘদিন পর মাঠে নামা, আবার নিজের খেলায় ফিরে আসা—এই অনুভূতি অসাধারণ। শারীরিকভাবে ধীরে ধীরে ফর্মে ফিরছি। সান্তোসে ফিরে ভালোই লাগছে।"