খেলা

নারী ফুটবলে দলবদলের নতুন বিশ্বরেকর্ড গড়লেন অলিভিয়া স্মিথ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৯:৫৯ এএম

নারী ফুটবলে দলবদলের নতুন বিশ্বরেকর্ড গড়লেন অলিভিয়া স্মিথ
অলিভিয়া স্মিথ। ছবি: সংগৃহীত

নারী ফুটবলে দলবদলের ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন কানাডার উদীয়মান ফরোয়ার্ড অলিভিয়া স্মিথ। মাত্র ২০ বছর বয়সেই বিশ্বরেকর্ড পারিশ্রমিকে ইংলিশ জায়ান্ট আর্সেনালে যোগ দিয়েছেন তিনি। লিভারপুল থেকে তাকে দলে ভিড়িয়েছে আর্সেনাল, যার ট্রান্সফার ফি ১.৩৪ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১ মিলিয়ন পাউন্ড)। এই অঙ্কই এখন পর্যন্ত নারী ফুটবলে দলবদলের সর্বোচ্চ পারিশ্রমিক।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে মার্কিন ডিফেন্ডার নাওমি গিরমা ১.১ মিলিয়ন ডলারে চেলসিতে যোগ দিয়ে নারী দলবদলে রেকর্ড গড়েছিলেন। কিন্তু মাত্র ৬ মাসের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন অলিভিয়া স্মিথ।

olivia_smith1_Dhakaprokash.jpg

‘দ্য গার্ডিয়ান’-এর বরাতে জানা গেছে, যদিও আনুষ্ঠানিকভাবে ট্রান্সফার ফি ঘোষণা করা হয়নি, তবে নির্ভরযোগ্য সূত্রের তথ্য মতে অঙ্কটি ১ মিলিয়ন পাউন্ডের কাছাকাছি, যা নারী ফুটবলের ইতিহাসে নজিরবিহীন।

এই চুক্তিতে শুধু আর্সেনালই নয়, লাভবান হয়েছে লিভারপুলও। ২০২৪ সালের জুলাইয়ে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন থেকে মাত্র ২ লাখ পাউন্ডে অলিভিয়াকে কিনেছিল তারা, যা তখন লিভারপুল নারী দলের ইতিহাসে রেকর্ড ট্রান্সফার ছিল। এখন সেই খেলোয়াড়কে বিক্রি করে ক্লাবটি পেয়েছে প্রায় ৮ লাখ পাউন্ডের মুনাফা।

olivia_smith2_Dhakaprokash.jpg

অলিভিয়া স্মিথ ১৫ বছর বয়সে কানাডার জাতীয় নারী দলে অভিষেক করেন, যেটি ছিল দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার নজির। লিভারপুলের হয়ে খেলেছেন ২৫টি ম্যাচ এবং করেছেন ৯টি গোল। তরুণ এই ফরোয়ার্ডের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে দলে নিতে দ্বিধা করেনি আর্সেনাল।

এই রেকর্ড ট্রান্সফার অলিভিয়া স্মিথের ক্যারিয়ারে নতুন দিগন্তের সূচনা করল, আর নারী ফুটবল ইতিহাসে যুক্ত হলো আরেকটি ঐতিহাসিক অধ্যায়।