খেলা

তিনবার ব্যালন ডি’অর জয়ীর বাসা থেকে ২০টি ট্রফি ও মেডেল চুরি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০২:২৬ পিএম

তিনবার ব্যালন ডি’অর জয়ীর বাসা থেকে ২০টি ট্রফি ও মেডেল চুরি
মিশেল প্লাতিনি। ছবি: সংগৃহীত

ফরাসি ফুটবলের কিংবদন্তি এবং তিনবারের ব্যালন ডি’অর জয়ী মিশেল প্লাতিনির বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। মার্শেইয়ের পূর্বাঞ্চলীয় শহর কাসিসে অবস্থিত তার বাড়ি থেকে অন্তত ২০টি মূল্যবান ট্রফি ও মেডেল চুরি হয়েছে বলে নিশ্চিত করেছেন সাবেক এই তারকা।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপে জানায়, শুক্রবার (১৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে প্লাতিনির বাসায় চোর ঢুকে পড়ে। ফ্রান্সের আরটিএল রেডিও প্রথম এই খবর প্রকাশ করে।

michel platini1_Dhakaprokash.jpg

প্লাতিনি জানান, তিনি ঘুম ভেঙে বাগান দিক থেকে শব্দ শুনতে পান এবং জানালার পাশে কালো পোশাক পরা এক ব্যক্তিকে দেখতে পান। চোর তাকে দেখতে পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তিনি দেখতে পান, বাগানের ছাউনির অংশ ভেঙে পড়ে আছে এবং প্রদর্শনীর জন্য রাখা মূল্যবান ট্রফি ও মেডেলগুলো গায়েব।

তবে চুরি হওয়া সব পদক ও ট্রফি ফুটবল সংশ্লিষ্ট নয় বলে জানা গেছে, কিছু ব্যক্তিগত অর্জনও ছিল তালিকায়।

ঘটনার পরপরই প্লাতিনি স্থানীয় পুলিশে অভিযোগ দায়ের করেন। মার্শেইয়ের প্রসিকিউটর অফিস বিষয়টি তদন্তে অঁবজেনে ব্রিগেডকে দায়িত্ব দিয়েছে। এখনো কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা যায়নি।

michel platini2_Dhakaprokash.jpg

মিশেল প্লাতিনি ১৯৮৩, ১৯৮৪ ও ১৯৮৫ সালে পরপর তিনবার ব্যালন ডি’অর জেতেন। জাতীয় দলের হয়ে ৭২ ম্যাচে ৪১ গোল করা এই মিডফিল্ডার ১৯৮৪ সালে ফ্রান্সকে ইউরো জেতান। ক্লাব পর্যায়ে জুভেন্তাসের জার্সিতে তিনি জিতেছেন ইউরোপিয়ান কাপও (বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ)।

ফুটবল ক্যারিয়ার শেষে ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি উয়েফার সভাপতির দায়িত্ব পালন করেন। যদিও ২০১5 সালে ফিফা দুর্নীতির মামলায় জড়ানোর অভিযোগে নিষিদ্ধ হন, তবে সম্প্রতি তিনি সেই মামলায় খালাস পান।