খেলা

২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করল যে ১৭ দেশ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম

২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করল যে ১৭ দেশ
ছবি: সংগৃহীত

আগামী ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে। বিশ্বজুড়ে এখনো চলছে উত্তেজনাপূর্ণ বাছাইপর্ব, তবে এরই মধ্যে নিশ্চিত হয়েছে ১৭টি দেশের বিশ্বকাপ খেলার টিকিট।

স্বাগতিক দেশ হিসেবে স্বাভাবিকভাবেই বিশ্বকাপ নিশ্চিত করেছে আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। কনকাকাফ অঞ্চলের এই তিন দেশের বাইরে বাকি দলগুলো নিজেদের পারফরম্যান্স দিয়ে নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপে জায়গা।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে আগেভাগেই জায়গা পাকা করে নিয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এবার তাদের সঙ্গে যোগ দিয়েছে কলম্বিয়া, উরুগুয়ে, ইকুয়েডর ও প্যারাগুয়ে। ১৫ বছর পর বিশ্বকাপের মূলপর্বে ফিরছে প্যারাগুয়ে, যা দক্ষিণ আমেরিকান ফুটবলে এক নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। এই অঞ্চলের বাকি দুটি দল—ভেনেজুয়েলা ও বলিভিয়া প্লে-অফের মাধ্যমে বিশ্বকাপে উঠার লড়াইয়ে থাকবে।

এশিয়া থেকেও এবার বিশ্বকাপে থাকবে উল্লেখযোগ্য উপস্থিতি। মোট আটটি দেশ পাবে সরাসরি খেলার সুযোগ, যার মধ্যে ছয়টি দল ইতোমধ্যেই জায়গা নিশ্চিত করেছে—অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, জর্ডান ও উজবেকিস্তান। বাকি দুটি দল বাছাইপর্ব শেষে যোগ দেবে। এছাড়া আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে আরও একটি দল পাবে বিশ্বকাপ খেলার সুযোগ।

আফ্রিকা অঞ্চলে এখনো পুরো বাছাইপর্ব শেষ না হলেও, সবার আগে জায়গা নিশ্চিত করেছে মরক্কো। ২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলে ইতিহাস গড়া মরক্কো এবারও দারুণ ফর্মে রয়েছে। আফ্রিকা থেকে আরও আটটি দল পাবে বিশ্বকাপে খেলার সুযোগ।

ওশেনিয়া অঞ্চলে একমাত্র দল হিসেবে নিউজিল্যান্ড এরই মধ্যে জায়গা নিশ্চিত করেছে।