খেলা

নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করলো বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ পিএম

নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করলো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট ম্যাচ হলেও গোলের দেখা মেলেনি দুই দলের কারও।

এই ড্রয়ের ফলে নেপালের বিপক্ষে টানা ছয় ম্যাচ জয়হীন থাকলো বাংলাদেশ। সর্বশেষ চারটি ম্যাচের মতো এবারও জয় নয়, ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো জামাল ভূঁইয়াদের। তবে ২০১৯ সালের পর প্রথমবার নেপালের বিপক্ষে ড্র করল বাংলাদেশ।

চোটের কারণে দলের অন্যতম দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হামজা চৌধুরী ও শমিত রয়ান ছিলেন না একাদশে। অন্যদিকে গোলপোস্টে নিয়মিত মিতুল মার্মার অনুপস্থিতিতে জাতীয় দলে অভিষেক হয় তরুণ গোলরক্ষক সুজন হোসেনের। অভিষেক ম্যাচেই নিজের উপস্থিতি টের করিয়েছেন তিনি, সেভ করেছেন কয়েকটি গুরুত্বপূর্ণ বল।

football1_Dhakaprokash.jpg

প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ভঙ্গিতে খেললেও বড় কোনও পরীক্ষা নিতে পারেনি গোলরক্ষকদের। তবে ম্যাচের ৩৬ মিনিটে একবার এগিয়ে যাওয়ার মতো সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু ফরোয়ার্ডদের শেষ মুহূর্তের দুর্বল ফিনিশিংয়ে বঞ্চিত থাকতে হয় কাঙ্ক্ষিত গোল থেকে।

দ্বিতীয়ার্ধেও একই চিত্র। মাঝমাঠে লড়াই, রক্ষণে দৃঢ়তা, যার ফলে গোলশূন্য সমাপ্তি।

দুই দলের মধ্যে দ্বিতীয় ও শেষ ফিফা প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর, একই ভেন্যুতে। প্রথম ম্যাচের মতো পরেরটিতেও লড়াই হবে কাঁটায় কাঁটায়—এমনটাই আশা করছে সমর্থকরা।