খেলা
বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল ব্রাজিল, গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
চিলিতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে ব্রাজিল। শনিবার (৪ অক্টোবর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্পেনের কাছে ১–০ গোলে হেরে যায় সেলেসাওরা। এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায় পাঁচবারের শিরোপাজয়ী দলটি।
আগের ১৯ আসরে ব্রাজিল পাঁচবার চ্যাম্পিয়ন ও চারবার রানার্সআপ হয়েছিল। তবে এবার গ্রুপের তলানিতে থেকে বিদায় নেওয়ায় সেটি তাদের ইতিহাসের সবচেয়ে বাজে ফল।
গ্রুপ পর্বে ব্রাজিলের যাত্রা শুরু হয় মেক্সিকোর সঙ্গে ২–২ গোলের ড্র দিয়ে। এরপর মরক্কোর কাছে ২–১ গোলে পরাজয় তাদের অবস্থানকে কঠিন করে তোলে। শেষ ম্যাচে অন্তত ড্র করলেই শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেটিও পারেনি তারা।
শনিবার রাতে স্পেনের বিপক্ষে ৪৭ মিনিটে ব্রাভোর গোল ব্রাজিলের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। গোল শোধে মরিয়া ব্রাজিল একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। ফলে লজ্জাজনকভাবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তরুণ সেলেসাওদের।
অন্যদিকে, আর্জেন্টিনা অনূর্ধ্ব–২০ দল দাপুটে পারফরম্যান্সে ডি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। তিন ম্যাচের সবকটিতে জয় পাওয়া আলবিসেলেস্তেরা প্রথম ম্যাচে কিউবাকে হারায় সারকোর জোড়া গোল ও সুবিয়াব্রের লক্ষ্যভেদে, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪–১ গোলে এবং তৃতীয় ম্যাচে ইতালির বিপক্ষে গোরোসিতোর আত্মঘাতী গোলে জিতে গ্রুপসেরা হয়।
আর্জেন্টিনা আগামী ৮ অক্টোবর শেষ ষোলোয় মাঠে নামবে। ছয়বারের শিরোপাজয়ী দলটি সর্বশেষ ২০০৭ সালে শিরোপা জিতেছিল। তবে শেষ দুই আসরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের।
এ ছাড়া শেষ ষোলো নিশ্চিত করেছে — ‘এ’ গ্রুপ থেকে জাপান ও চিলি, ‘বি’ গ্রুপ থেকে ইউক্রেন ও প্যারাগুয়ে।