খেলা
১১৫০ ফুট উঁচুতে স্টেডিয়াম, ২০৩৪ বিশ্বকাপে সৌদির ‘আকাশচুম্বী’ চমক
২০২৬ বিশ্বকাপের উত্তাপ যখন বাড়ছে, ঠিক তখনই ২০৩৪ সালের আয়োজক দেশ সৌদি আরব জানিয়ে দিল- ফুটবল ইতিহাসে সবচেয়ে উচ্চতায় হবে তাদের এক অনন্য আয়োজন। দেশটি নির্মাণ করতে যাচ্ছে বিশ্বের সর্বোচ্চ স্টেডিয়াম, যা মাটি থেকে ৩৫০ মিটার (প্রায় ১১৫০ ফুট) উপরে একটি আকাশচুম্বী ভবনের চূড়ায় দাঁড়াবে।
এই অনন্য স্টেডিয়ামের নাম দেওয়া হয়েছে ‘নিওম স্কাই স্টেডিয়াম’ (NEOM Sky Stadium)। সৌদির ভবিষ্যৎ নগরী ‘নিওম’ প্রকল্পের অংশ হিসেবেই এটি তৈরি হবে।
স্টেডিয়ামটির ধারণক্ষমতা থাকবে প্রায় ৪৬ হাজার দর্শক। সম্পূর্ণ কাঠামোটি তৈরি হবে আধুনিক প্রযুক্তি ও নবায়নযোগ্য শক্তির ব্যবহারে, যা একে পরিবেশবান্ধব করবে। নির্মাণকাজ শুরু হবে ২০২৬ সালে, আর শেষ করার লক্ষ্য রাখা হয়েছে ২০৩২ সালের মধ্যে, অর্থাৎ বিশ্বকাপ শুরুর দুই বছর আগে।
সৌদি কর্তৃপক্ষ বলছে, এটি শুধু একটি স্টেডিয়াম নয় বরং এমন একটি অভিজ্ঞতা, যেখানে ফুটবল ও আধুনিক স্থাপত্য মিলবে এক নতুন উচ্চতায়।
ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমার মতো তারকাদের সৌদি প্রো লিগে আগমন দেশটির ফুটবলকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন আলোচনায় তুলেছে। অর্থনৈতিক শক্তি, আধুনিক অবকাঠামো এবং ক্রীড়াবান্ধব নীতির মাধ্যমে সৌদি এখন বৈশ্বিক ফুটবলের কেন্দ্রবিন্দুতে উঠে আসছে।
২০৩৪ বিশ্বকাপ হবে সৌদি আরবের ইতিহাসে প্রথম বিশ্বকাপ আয়োজন। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, তারা এমন একটি টুর্নামেন্ট আয়োজন করতে চায়, যা “মানব সৃজনশীলতা, প্রযুক্তি ও ঐতিহ্যের সমন্বয়ে বিশ্বকে বিস্মিত করবে।”
এই নিওম স্কাই স্টেডিয়াম সেই স্বপ্নেরই প্রতীক- যেখানে ফুটবলের রোমাঞ্চ ছুঁয়ে যাবে আকাশ।