খেলা
ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায়, দেখার সুযোগ পাচ্ছেন নির্বাচিত সমর্থকরা
ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্মারক ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায় পৌঁছেছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে ট্রফিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশ্বব্যাপী সফরের অংশ হিসেবে বাংলাদেশে আগমন করা এই ঐতিহাসিক ট্রফি ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা গেছে।
২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবল তারকা ও ফিফা অ্যাম্বাসেডর জিলবার্তো সিলভার সঙ্গে ট্রফিটি ঢাকায় আসে। বিমানবন্দর থেকে সরাসরি ট্রফিটি নিয়ে যাওয়া হয় রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে। সেখানে দুপুরের পর ট্রফিটি বিশেষভাবে প্রদর্শনের জন্য রাখা হবে।
এই সফরের অংশ হিসেবে নির্বাচিত কিছু ফুটবল সমর্থক ও আমন্ত্রিত অতিথিরা সরাসরি ফিফা বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পাবেন। পাশাপাশি, বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে নির্বাচিত বিজয়ীরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগও পাচ্ছেন।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি সৌদি আরবের রাজধানী রিয়াদে ইতালিয়ান ফুটবল কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরোর মাধ্যমে ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি সফরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ফিফা ও তাদের পানীয় অংশীদার কোকা-কোলার যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশ্ব সফরটি ১৫০ দিনেরও বেশি সময় ধরে চলবে।
এই দীর্ঘ সফরে ট্রফিটি বিশ্বের ৭৫টি শহর ও ৩০টি সদস্য দেশের বিভিন্ন স্থানে প্রদর্শিত হবে। আগামী ১১ জুন মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সফরের সমাপ্তি ঘটবে।
এর আগে রাশিয়া ও কাতার বিশ্বকাপ উপলক্ষে ফিফা বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আনা হয়েছিল। এবারও ট্রফি দেখার সুযোগ করে দিতে গত সেপ্টেম্বর থেকেই স্থানীয়ভাবে বিশেষ প্রচারাভিযান শুরু করা হয়। সেই প্রচারণার বিজয়ীরাই মূলত ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন।
প্রদর্শনী শেষে বুধবার রাতেই ফিফা বিশ্বকাপের মূল ট্রফি তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।