খেলা

ভারতের সঙ্গে ড্র, সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৭:৪৩ পিএম

ভারতের সঙ্গে ড্র, সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল
ছবি: সংগৃহীত

মালদ্বীপের রাজধানী মালে-তে অনুষ্ঠিত গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।

শনিবার (২৮ মার্চ) অনুষ্ঠিত ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনাপূর্ণ। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে ১৭তম মিনিটে কর্নার থেকে বিশাল যাদবের হেডে এগিয়ে যায় ভারত। তবে পিছিয়ে পড়ার পরও হাল ছাড়েনি বাংলাদেশ।

প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মুহূর্তে সমতায় ফেরে লাল-সবুজের দল। রোনান সুলিভানের নেওয়া কর্নার থেকে বদলি খেলোয়াড় আব্দুল রিয়াদ ফাহিম দারুণ এক ভলিতে গোল করে ম্যাচে ফেরান বাংলাদেশকে।

ম্যাচের একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের ডাগআউটেও। টাচলাইনের এক ঘটনায় কোচিং স্টাফদের মধ্যে বাকবিতণ্ডা হলে ভারতের এক সাপোর্ট স্টাফকে হলুদ কার্ড এবং বাংলাদেশের প্রধান কোচ মার্ক কক্সকে লাল কার্ড দেখান রেফারি।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেললেও আর কোনো গোল হয়নি। গুরুত্বপূর্ণ সময়ে গোলরক্ষক মাহিনের কয়েকটি অসাধারণ সেভ বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রাখে।

এই ড্রয়ের ফলে দুই দলই সমান ৪ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হয়েছে, আর গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

রানার্সআপ হিসেবে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত খেলবে ভুটান-এর বিপক্ষে।