খেলা
বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা দল ব্রাজিল, ধারে কাছেও নেই আর্জেন্টিনা
ফিফা বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল যেন এক অনন্য অধ্যায়। শিরোপা জয়ের দিক থেকে যেমন শীর্ষে, তেমনি গোল করার পরিসংখ্যানেও অন্য সব দলকে ছাড়িয়ে গেছে সাম্বার দেশটি।
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে একমাত্র দল হিসেবে পাঁচবার শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে ব্রাজিল। পাশাপাশি প্রতিপক্ষের জালে সবচেয়ে বেশি বল জড়ানোর রেকর্ডও তাদের দখলে। এখন পর্যন্ত বিশ্বকাপে সর্বোচ্চ ২৩৭টি গোল করেছে দলটি।
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত অনুষ্ঠিত প্রতিটি আসরেই অংশ নেওয়া একমাত্র দল ব্রাজিল। দীর্ঘ এই যাত্রায় ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে গোলের দিক থেকেও তারা নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি, যাদের গোল সংখ্যা ২৩২। আর তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনা করেছে ১৫২টি গোল, যা ব্রাজিলের তুলনায় অনেকটাই পিছিয়ে।
এছাড়া একশর বেশি গোল করা দলগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স (১৩৬), ইতালি (১২৮), স্পেন (১০৮) এবং ইংল্যান্ড (১০৪)।
ব্রাজিলের এই গোলসমৃদ্ধ ইতিহাসের পেছনে রয়েছে বহু কিংবদন্তি ফুটবলারের অবদান। ফুটবল সম্রাট পেলে, গারিঞ্চা, জিকো, রোমারিও, রোনালদো নাজারিও, রোনালদিনহো থেকে শুরু করে আধুনিক সময়ের নেইমার জুনিয়র—সবাই মিলে গড়ে তুলেছেন ব্রাজিলের এই অনন্য কীর্তি।