খেলা

আজ রাতেই ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে, যেভাবে দেখবেন উদ্বোধনী আয়োজন


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১১:২০ পিএম

আজ রাতেই ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে, যেভাবে দেখবেন উদ্বোধনী আয়োজন
ছবি: সংগৃহীত

আজ রাতেই জমকালো আয়োজনে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশে পৃথক তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠছে এবারের আসরের। যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা আয়োজন করায় বিশ্বকাপ পেয়েছে ভিন্নমাত্রা।

৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম একই বিশ্বকাপে একাধিক উদ্বোধনী অনুষ্ঠান রাখা হয়েছে। তিনটি ভিন্ন শহরে আলাদা আয়োজনে বিশ্বকাপকে বরণ করে নেওয়া হবে।

প্রথম উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠান শুরু হবে। এরপর রাত ১টায় মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। এই আয়োজনে মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি, লোকজ শিল্প ও ঐতিহ্য তুলে ধরা হবে। অনুষ্ঠানটি প্রায় ১৬ থেকে ১৭ মিনিট স্থায়ী হবে।

দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান হবে কানাডার টরন্টোতে। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে এই আয়োজন। রাত ১টায় স্বাগতিক কানাডা মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার। অনুষ্ঠানে কানাডার ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো বিশেষ পরিবেশনায় তুলে ধরা হবে।

তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে শনিবার ভোরে। বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হয়ে সকাল ৭টায় মাঠে নামবে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে। এই আয়োজনটি প্রযুক্তিনির্ভর ও গল্পভিত্তিক উপস্থাপনায় সাজানো হয়েছে।

তিনটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বিশ্বখ্যাত শিল্পীরা। মেক্সিকো সিটিতে পরিবেশন করবেন শাকিরা ও বার্না বয়। টরন্টোতে থাকছেন মাইকেল বুবলে ও আলানিস মরিসেটসহ একাধিক তারকা। আর লস অ্যাঞ্জেলেসে মঞ্চ মাতাবেন কেটি পেরি, লিসা, অ্যানিত্তাসহ আরও অনেকে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ আন্তর্জাতিকভাবে সম্প্রচার করবে ফক্স ও এফএস১। বাংলাদেশে সরাসরি দেখা যাবে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভিতে। পাশাপাশি মাই রবি অ্যাপ, টফি ও বায়োস্কোপেও অনলাইন সম্প্রচার থাকবে।

এবারের বিশ্বকাপের মূল বার্তা হলো—ভাষা, সংস্কৃতি ও সীমান্তের ভেদাভেদ ভুলে ফুটবলের মাধ্যমে বিশ্বকে এক সুতোয় বাঁধা।