খেলা

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডেই জার্মানির বিপক্ষে লড়তে হতে পারে ব্রাজিলকে


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:০৩ পিএম

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডেই জার্মানির বিপক্ষে লড়তে হতে পারে ব্রাজিলকে
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচগুলো শেষ হওয়ার পর থেকেই নকআউট পর্বের সম্ভাব্য সমীকরণ নিয়ে শুরু হয়েছে আলোচনা। ৪৮ দলের এই আসরে বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী শেষ ৩২-এ ব্রাজিল ও জার্মানির মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে গ্রুপ পর্বে এখনো প্রতিটি দলের দুটি করে ম্যাচ বাকি থাকায় চূড়ান্ত চিত্র পুরোপুরি নির্ভর করছে পরবর্তী ফলাফলের ওপর। তবুও বর্তমান পরিস্থিতিতে দুই ফুটবল পরাশক্তির সম্ভাব্য লড়াই নিয়ে উত্তেজনা বাড়ছে।

প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করায় গ্রুপ ‘সি’-তে কিছুটা চাপে রয়েছে ব্রাজিল। শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে হাইতির বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্য ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে স্কটল্যান্ড। সমান এক পয়েন্ট নিয়ে মরক্কো দ্বিতীয় স্থানে এবং ফেয়ার প্লের বিচারে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

গ্রুপের শীর্ষ দুইয়ে থেকে সরাসরি নকআউট নিশ্চিত করতে হলে হাইতির বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট পেতে হবে সেলেসাওদের। না হলে শেষ ম্যাচের আগে চাপ আরও বেড়ে যাবে তাদের ওপর।

নতুন ফরম্যাট অনুযায়ী, ১২টি গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা আটটি দল শেষ ৩২-এ জায়গা পাবে। তবে কোন দল কার বিপক্ষে খেলবে তা নির্ধারণ হবে নির্দিষ্ট বিন্যাস অনুযায়ী।

বর্তমান সমীকরণে গ্রুপ ‘সি’-এর তৃতীয় দলকে গ্রুপ ‘এ’, ‘ই’ বা ‘আই’-এর শীর্ষ দলের বিপক্ষে খেলতে হতে পারে। সেই সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে উঠে আসছে জার্মানি।

প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে দারুণ ফর্মে রয়েছে জার্মানি। অন্যদিকে ব্রাজিলের ড্রয়ের কারণে সেরা তৃতীয় দলগুলোর তালিকায় তারা আপাতত কিছুটা পিছিয়ে রয়েছে। এই অবস্থায় দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আরও জোরালো হচ্ছে।