খেলা

ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, নকআউট পর্বে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ৩ খেলোয়াড়


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৭:২৫ পিএম

ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, নকআউট পর্বে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ৩ খেলোয়াড়
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই ম্যাচ শেষে ভালো অবস্থানে রয়েছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩–০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সেলেসাওরা। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে নকআউট পর্বের আগে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচকে ঘিরে নতুন উদ্বেগ তৈরি হয়েছে ব্রাজিল শিবিরে। দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় মিডফিল্ডার কাসেমিরো, লেফট ব্যাক ডগলাস সান্তোস এবং সেন্টার ব্যাক রজার ইবানিজ নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছেন।

এই তিনজনই এখন পর্যন্ত একটি করে হলুদ কার্ড দেখেছেন। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে আরেকটি হলুদ কার্ড দেখলে তারা শেষ বত্রিশের ম্যাচে খেলতে পারবেন না।

বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। ওই ম্যাচে ড্র করলেই নকআউট পর্ব নিশ্চিত হবে সেলেসাওদের। আর জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হবে।

এদিকে ২০২৬ বিশ্বকাপে ফিফা হলুদ কার্ড সংক্রান্ত নিয়মে পরিবর্তন এনেছে। টুর্নামেন্টে ম্যাচ সংখ্যা বেড়ে যাওয়ায় খেলোয়াড়দের জমে থাকা হলুদ কার্ড দুটি ধাপে মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষে নকআউট রাউন্ড শুরু হলে আগের হলুদ কার্ডের হিসাব বাতিল হয়ে যাবে। একইভাবে কোয়ার্টার ফাইনালের আগে আবারও কার্ডের হিসাব নতুন করে শুরু হবে। তবে কোনো খেলোয়াড় গ্রুপ পর্বের শেষ ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখলে তিনি পরের রাউন্ডে নিষিদ্ধ থাকবেন।

তাই স্কটল্যান্ডের বিপক্ষে শুধু জয় নয়, বরং গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়কে কার্ড থেকে বাঁচিয়ে রাখাও এখন ব্রাজিলের বড় চ্যালেঞ্জ।