খেলা

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের ভিডিওতে সাড়া দিলেন নেইমার


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৪০ এএম

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের ভিডিওতে সাড়া দিলেন নেইমার
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ ঘিরে ব্রাজিল সমর্থকদের উন্মাদনা নতুন নয়। তবে এবার সেই ভালোবাসার সরাসরি সাড়া মিলেছে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রের কাছ থেকে। রাজধানী ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের করা একটি ভিডিওতে লাইক দিয়ে আলোচনায় এসেছেন তিনি।

শনিবার (২০ জুন) সকালে ২০২৬ ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হন হাজারো শিক্ষার্থী ও সমর্থক। হলুদ জার্সি ও ব্রাজিলের পতাকা হাতে নিয়ে তারা পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। এক পর্যায়ে ‘নেইমার, নেইমার’ স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেখার ইফতি এই আনন্দঘন মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। পোস্ট করার পরপরই ভিডিওটি ব্যাপক সাড়া ফেলে এবং দ্রুত ছড়িয়ে পড়ে।

সবচেয়ে বড় চমক আসে তখনই, যখন ব্রাজিলের এই তারকা ফুটবলার তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে লাইক দেন। এতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন শুধু ওই ক্যাম্পাসের শিক্ষার্থীরাই নয়, দেশের সব ব্রাজিল সমর্থকরাও।

সামাজিক মাধ্যমে অনেক ভক্তই মন্তব্য করছেন, নেইমার শুধু একজন খেলোয়াড় নন, তিনি এক আবেগের নাম। উপমহাদেশের ভক্তদের এই ভালোবাসা যে তারকার নজর এড়ায়নি, সেটিই নতুন করে প্রমাণ হলো।

ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা নেইমারের এই ছোট্ট প্রতিক্রিয়া যেন দূরত্ব ভুলিয়ে দিয়েছে বাংলাদেশের ভক্তদের নিখাদ ভালোবাসা পৌঁছে গেছে তার হৃদয়ে।