খেলা
হালান্ডের জোড়া গোলে বিধ্বস্ত সেনেগাল, ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে
আর্লিং হালান্ডের জোড়া গোলে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে নরওয়ে। গ্রুপ ‘আই’-এর ম্যাচে সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে স্ক্যান্ডিনেভিয়ানরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নরওয়ে। তবে সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দো মেন্ডির দুর্দান্ত সেভে শুরুতে গোলের দেখা পায়নি তারা। তৃতীয় মিনিটে ক্রিস্টোফার আয়ারের নিশ্চিত গোল ঠেকিয়ে দেন মেন্ডি। পরে মার্টিন ওডেগার্ডের শক্তিশালী ভলিও রুখে দেন তিনি।
অবশেষে প্রথমার্ধের শেষ দিকে ৪৩ মিনিটে মার্কাস পেডারসেনের গোলে এগিয়ে যায় নরওয়ে। তার ডান পায়ের শট মেন্ডির হাতে লাগলেও বল জালে জড়িয়ে যায়। বিরতির আগে যোগ করা সময়ে হালান্ড পোস্টে বল লাগিয়ে সুযোগ নষ্ট করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান হালান্ড। ৪৮ মিনিটে মার্টিন ওডেগার্ডের পাস থেকে শক্তিশালী শটে দলের দ্বিতীয় গোল করেন তিনি। পাঁচ মিনিট পর সাদিও মানের পাস থেকে ইসমাইলা সার গোল করে সেনেগালকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন।
তবে ৫৮ মিনিটে প্যাট্রিক বার্গের ক্রস থেকে নিখুঁত ভলিতে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন হালান্ড। শেষদিকে হ্যাটট্রিকের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি এই তারকা স্ট্রাইকার।
অন্যদিকে ম্যাচের যোগ করা সময়ে নিকোলাস জ্যাকসনের পাস থেকে দ্বিতীয় গোল করেন ইসমাইলা সার। তবে তাতে শুধু ব্যবধানই কমে, ম্যাচে ফিরতে পারেনি সেনেগাল।
এর আগে ইরাকের বিপক্ষেও জোড়া গোল করেছিলেন হালান্ড। টানা দুই ম্যাচে দুই গোল করে দলের নকআউট নিশ্চিত করার নায়ক হয়ে ওঠেন তিনি।
এই জয়ে গ্রুপ ‘আই’ থেকে ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করে নরওয়ে। সমান ৬ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে ফ্রান্স। আগামী ২৭ জুন বোস্টনে গ্রুপ সেরা নির্ধারণে মুখোমুখি হবে নরওয়ে ও ফ্রান্স।