খেলা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:১৭ পিএম

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!
ছবি: সংগৃহীত

প্রায় ৩৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে পারে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। সমীকরণ মিললে চলমান আসরের সেমিফাইনালে দেখা যেতে পারে বহুল প্রতীক্ষিত এই মহারণ।

ফুটবল দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত দ্বৈরথগুলোর একটি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এই দুই দলের লড়াই দেখতে সবসময়ই উদগ্রীব থাকে ভক্তরা। সবশেষ ১৯৯০ সালে ইতালিতে অনুষ্ঠিত বিশ্বকাপে একে অপরের বিপক্ষে খেলেছিল দল দুটি।

এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে পারে। গ্রুপ পর্বে টানা দুই জয় তুলে নিয়ে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ জর্ডান, যেখানে জয় পেলে শক্ত অবস্থান নিয়েই নকআউট পর্বে উঠবে দলটি। দ্বিতীয় রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ‘এইচ’ গ্রুপের রানার্সআপ, যেখানে এগিয়ে রয়েছে উরুগুয়ে।

অন্যদিকে শুরুটা কিছুটা ধীরগতির হলেও হাইতিকে হারিয়ে ‘সি’ গ্রুপে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। শেষ ম্যাচে হার এড়াতে পারলেই গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে উঠবে তারা। সেক্ষেত্রে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ জাপান।

পরবর্তী ধাপগুলো—দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল—পেরিয়ে গেলে সেমিফাইনালে ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

বিশ্বকাপের মূল পর্বে দুই দলের শেষ সাক্ষাৎ হয়েছিল ১৯৯০ সালের ২৪ জুন। ইতালির তুরিনে অনুষ্ঠিত সেই ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছিল ব্রাজিলকে। ম্যাচের ৮১তম মিনিটে দিয়েগো ম্যারাডোনার পাস থেকে ক্লদিও ক্যানিজিয়ার করা গোলেই জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।

বিশ্বকাপের নকআউট পর্বে এটিই এখন পর্যন্ত দুই দলের একমাত্র লড়াই। তাই সম্ভাব্য সেমিফাইনালে সেই হিসাব মেলাতে মুখিয়ে থাকবে ব্রাজিল। অন্যদিকে নিজেদের শিরোপা জয়ের স্বপ্ন পূরণে দৃঢ়প্রতিজ্ঞ আর্জেন্টিনাও।