খেলা

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে কে জিতবে, ভবিষ্যদ্বাণী দিলো সুপার কম্পিউটার


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:২৪ পিএম

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে কে জিতবে, ভবিষ্যদ্বাণী দিলো সুপার কম্পিউটার
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্রাজিলকেই পরিষ্কারভাবে এগিয়ে রাখছে অপটার সুপার কম্পিউটার। ২৫ হাজার প্রাক-ম্যাচ সিমুলেশনের ভিত্তিতে করা বিশ্লেষণে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৬৯ দশমিক ৬ শতাংশ।

বৃহস্পতিবার (২৫ জুন) মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও স্কটল্যান্ড। পরিসংখ্যান অনুযায়ী, ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ১৮ দশমিক ২ শতাংশ, আর স্কটল্যান্ডের জয়ের সম্ভাবনা মাত্র ১২ দশমিক ২ শতাংশ।

প্রায় তিন দশক পর আবারও বিশ্বকাপের মঞ্চে দেখা হচ্ছে দুই দলের। সর্বশেষ ১৯৯৮ বিশ্বকাপে তাদের লড়াইয়ে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল ব্রাজিল।

২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে হাইতির বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে একই ব্যবধানে হেরে যায় স্কটল্যান্ড। তবে সেই পরাজয়ের পরও প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার স্বপ্ন এখনও টিকে আছে তাদের।

শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে জয় পেলে গ্রুপ ‘সি’-তে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হবে স্কটল্যান্ডের। ড্র করলেও তৃতীয় স্থানে থেকে শেষ ৩২-এ জায়গা করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি হারলেও সুযোগ থাকতে পারে, তবে বড় ব্যবধানে পরাজয় এড়াতে হবে।

অন্যদিকে, গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ছন্দে ফিরেছে ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের পর্বে যেতে তাদের লক্ষ্য এখন শীর্ষস্থান নিশ্চিত করা।

তবে ইতিহাস কিছুটা সতর্কবার্তাও দিচ্ছে ব্রাজিলকে। বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের সর্বশেষ তিনটি হারই এসেছে তৃতীয় ম্যাচে। এর মধ্যে কাতার বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলের হার অন্যতম।

এদিকে এই ম্যাচ দিয়েই দলে ফিরছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, চোট কাটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে পুরো ম্যাচ খেলার মতো ফিট আছেন তিনি।