খেলা

৬ গোলের রোমাঞ্চে ড্র, নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া; ইরানের স্বপ্নভঙ্গ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:২৭ এএম

৬ গোলের রোমাঞ্চে ড্র, নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া; ইরানের স্বপ্নভঙ্গ
ছবি: সংগৃহীত

রোমাঞ্চ, উত্তেজনা আর একের পর এক গোলে ভরা এক ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে আলজেরিয়া ও অস্ট্রিয়া। এই ফলেই দুই দল নিশ্চিত করেছে নকআউট পর্বে জায়গা, আর ভেঙে গেছে ইরানের স্বপ্ন।

ম্যাচের ২৭ মিনিটে মার্কো আর্নাতোভিচের গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি আলজেরিয়া। প্রথমার্ধের শেষ মিনিটে রাফিক বেলঘালির গোলে সমতা ফেরায় তারা। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে মার্সেল সাবিতজারের গোলে আবারও এগিয়ে যায় অস্ট্রিয়া। তবে এরপরই ম্যাচে প্রভাব বিস্তার করেন রিয়াদ মাহরেজ। ডান পাশ থেকে আসা নিচু ক্রসে ফাঁকায় বল পেয়ে দারুণ শটে গোল করে সমতা ফেরান তিনি। স্কোরলাইন দাঁড়ায় ২-২।

যোগ করা সময়ে নাটকীয়তা আরও বাড়ান মাহরেজ। নিজের দ্বিতীয় গোলে আলজেরিয়াকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তিনি। তখন মনে হচ্ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যাচ্ছে আলজেরিয়া, আর অস্ট্রিয়ার নকআউট যাত্রা শঙ্কায় পড়েছে।

তবে শেষ মুহূর্তে হাল ছাড়েনি অস্ট্রিয়া। ম্যাচের একেবারে অন্তিম সময়ে সাশা কালাইজিচের গোলে সমতা ফেরে। ৩-৩ গোলের এই ড্রতেই দুই দল প্রয়োজনীয় পয়েন্ট নিয়ে নকআউটে উঠে যায়।

অন্যদিকে এই ফলেই বড় ধাক্কা খায় ইরান। তারা অপেক্ষায় ছিল যেকোনো একটি দলের পরাজয়ের, যা হলে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিতে পারত। কিন্তু শেষ মুহূর্তের ড্র তাদের সেই স্বপ্ন ভেঙে দেয়।