খেলা

ব্রাজিলের বিপক্ষে জয়ের আশা কম, আগেই স্বীকার করলেন হালান্ড


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৭:৩৪ পিএম

ব্রাজিলের বিপক্ষে জয়ের আশা কম, আগেই স্বীকার করলেন হালান্ড
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে নরওয়ে। হাই-ভোল্টেজ এই ম্যাচের আগে ব্রাজিলকেই স্পষ্ট ফেভারিট হিসেবে দেখছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। প্রতিপক্ষকে হারানো নিয়ে খুব বেশি আশাবাদী নন তিনি।

ইতিহাস অবশ্য নরওয়ের পক্ষেই কিছুটা কথা বলে। দুই দলের আগের চার দেখায় ব্রাজিল কখনোই নরওয়েকে হারাতে পারেনি। তবে এবার সেই পরিসংখ্যান কতটা কাজে আসবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন হালান্ড।

বিশ্বকাপের দ্বিতীয় পর্বে আইভরি কোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে নরওয়ের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড বলেন, তাদের সম্ভাবনা ‘খুবই কম’।

এর আগে ব্রাজিলকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার বিষয়েও বাস্তবতা মেনে নেওয়ার কথা জানান তিনি। তার ভাষায়, শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে খেলাই এখন বাস্তবতা।

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর ডালাস স্টেডিয়ামে উচ্ছ্বাসে মেতে ওঠেন নরওয়ের সমর্থকরা। ম্যাচ শেষে খেলোয়াড়রাও তাদের ঐতিহ্যবাহী ‘ভাইকিং রোয়িং’ উদ্‌যাপনে অংশ নেন। মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের নেতৃত্বে প্রতীকী ভঙ্গিতে বৈঠা বাইবার অভিনয়ে আনন্দ ভাগাভাগি করেন তারা।

দেশের মানুষের এমন উচ্ছ্বাস দলের পারফরম্যান্সেও ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন হালান্ড। তিনি জানান, জাতীয় দলকে ঘিরে গোটা নরওয়ের ঐক্য তাদের অনুপ্রাণিত করছে।

তবে সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেটিও মনে করিয়ে দেন এই তারকা ফুটবলার। তার মতে, শেষ ষোলো থেকে প্রতিটি দলই শক্তিশালী এবং সামনে এগোনো মোটেও সহজ হবে না।

নরওয়ের সবচেয়ে বড় ফুটবল তারকা হিসেবে পরিচিত হালান্ড এবারের বিশ্বকাপেও দারুণ ফর্মে রয়েছেন। ইতিমধ্যে পাঁচ গোল করেছেন এই গোলমেশিন। ইউরোপিয়ান বাছাইপর্বে তার অসাধারণ পারফরম্যান্সই ২৮ বছর পর নরওয়েকে আবার বিশ্বকাপের মূল পর্বে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সর্বশেষ ১৯৯৮ সালের বিশ্বকাপে খেলেছিল নরওয়ে।