খেলা

মেসির পেনাল্টি মিস, ন্যাশভিলের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত ইন্টার মায়ামি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:৪৯ এএম

মেসির পেনাল্টি মিস, ন্যাশভিলের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত ইন্টার মায়ামি
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামির হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। তবে গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি মিস করে দলকে সমতায় ফেরানোর বড় সুযোগ হাতছাড়া করেন আর্জেন্টাইন তারকা। শেষ পর্যন্ত ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হেরেছে ইন্টার মায়ামি।

রোববার (১৬ আগস্ট) ভোরে ন্যাশভিলের বিপক্ষে ৪-১ গোলে হেরে যায় মায়ামি। স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন হানি মুখতার।

ম্যাচের ১৬তম মিনিটে অ্যান্ডি নাহারের গোলে এগিয়ে যায় ন্যাশভিল। বাঁ প্রান্তের কাছ থেকে এলিয়াস সাদের বাড়ানো বলে হেড করে মৌসুমে নিজের প্রথম গোলটি করেন নাহার।

২৩তম মিনিটে সমতায় ফেরার সুযোগ আসে ইন্টার মায়ামির সামনে। পেনাল্টি পায় মায়ামি, কিন্তু মেসির নেওয়া শট ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াক। ফিরতি বল জালে পাঠান সার্জিও রেগিলন। তবে পরে দেখা যায়, পেনাল্টি নেওয়ার আগেই রেগিলন প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়েছিলেন। ফলে গোলটি বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে মায়ামি। ৪৮তম মিনিটে দারুণ এক গোল করেন তেলাসকো সেগোভিয়া। তবে সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। একই মিনিটে সাদের পাস থেকে গোল করে ন্যাশভিলকে আবারও এগিয়ে দেন মুখতার।

৫৬তম মিনিটে দলের হয়ে মৌসুমের ১২তম গোল করেন স্যাম সারিজ। ব্যাকহিলের দারুণ ফিনিশিংয়ে ন্যাশভিলের ব্যবধান দাঁড়ায় ৩-১।

এরপর ৬২তম মিনিটে মায়ামির গোলরক্ষক রোকো রিওস-নোভোর ভুলে আরও একবার গোল হজম করে দলটি। গোলকিক নিতে গিয়ে ন্যাশভিলের গোলরক্ষকের কাছ থেকে আসা বলের গতিপথ ঠিকমতো বুঝতে না পেরে পড়ে যান রিওস-নোভো। সেই সুযোগ কাজে লাগিয়ে বলের দখল নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন মুখতার।

শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ন্যাশভিল। মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর দলটির বিপক্ষে এটি ন্যাশভিলের মাত্র দ্বিতীয় জয়।