খেলা

ইন্টার মায়ামির নতুন কোচ হলেন আর্জেন্টিনার কিলি গনজালেজ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৬:১২ পিএম

ইন্টার মায়ামির নতুন কোচ হলেন আর্জেন্টিনার কিলি গনজালেজ
ছবি: সংগৃহীত

লিওনেল মেসিদের নতুন প্রধান কোচ হিসেবে আর্জেন্টিনার সাবেক তারকা ক্রিস্টিয়ান ‘কিলি’ গনজালেজকে নিয়োগ দিয়েছে ইন্টার মায়ামি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে নতুন কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

তবে এখনই মায়ামির ডাগআউট ছাড়ছেন না অন্তর্বর্তীকালীন কোচ গুইলার্মো হোয়োস। যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি না পাওয়া পর্যন্ত তিনিই দলের দায়িত্ব পালন করবেন। আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার পর গনজালেজের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হবে।

৫২ বছর বয়সী গনজালেজের জন্ম আর্জেন্টিনার রোজারিও শহরে, মেসির মতোই। খেলোয়াড়ি জীবনে উইঙ্গার হিসেবে খেলেছেন তিনি। ইউরোপের ইন্টার মিলান, ভ্যালেন্সিয়া ও জারাগোজার মতো ক্লাবেও মাঠে নেমেছেন সাবেক এই আর্জেন্টাইন তারকা।

আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও দীর্ঘ সময় খেলেছেন গনজালেজ। ১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ৫৬টি ম্যাচ খেলেছেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে ২০২০ সালে কোচিংয়ে নাম লেখান গনজালেজ। এরপর আর্জেন্টিনার তিনটি ক্লাবে দায়িত্ব পালন করেছেন। এবারই প্রথম আর্জেন্টিনার বাইরে কোনো ক্লাবের প্রধান কোচ হিসেবে কাজ করতে যাচ্ছেন তিনি।

তবে মায়ামির দায়িত্বটা গনজালেজের জন্য সহজ হবে না। অন্তর্বর্তীকালীন কোচ হোয়োসের অধীনে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে দলটি। এরপরও পূর্বাঞ্চলীয় সম্মেলনের পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মায়ামি। তবে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে তারা।

এ অবস্থায় মেসিদের দ্রুত জয়ের ধারায় ফেরানোই গনজালেজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারকাসমৃদ্ধ দলটিকে নতুন কৌশলে সংগঠিত করে ধারাবাহিক সাফল্য এনে দিতে হবে তাকে।

এদিকে দলের খারাপ পারফরম্যান্সের মধ্যেই শাস্তির মুখে পড়েছেন হোয়োস। নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করার নিয়ম একাধিকবার লঙ্ঘনের কারণে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও করা হয়েছে। বিরতির পর নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে মাঠে ফেরায় মায়ামি একাধিকবার এই নিয়ম ভেঙেছে।

ইন্টার মায়ামিতে হোয়োসের ভূমিকা শুধু অন্তর্বর্তীকালীন কোচের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এর আগে ক্লাবটির ক্রীড়া পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। মেসির সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

হাভিয়ের মাচেরানো ব্যক্তিগত কারণে গত এপ্রিলে ক্লাব ছাড়ার পর অস্থায়ীভাবে প্রধান কোচের দায়িত্ব নেন হোয়োস। এখন গনজালেজ দায়িত্ব নেওয়ার পর তিনি আবার ক্রীড়া পরিচালকের ভূমিকায় ফিরবেন কি না, সেটিই দেখার বিষয়।