খেলা

নেইমারের চোখে বর্তমান বিশ্বের সেরা ফুটবলার লামিন ইয়ামাল


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম

নেইমারের চোখে বর্তমান বিশ্বের সেরা ফুটবলার লামিন ইয়ামাল
ছবি: সংগৃহীত

ব্যালন ডি’অরের লড়াইয়ে নেইমার কাকে সমর্থন করছেন, তা নিয়ে ফুটবলপ্রেমীদের কৌতূহল ছিল। এবার নিজের পছন্দের কথা জানিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে লামিন ইয়ামালকে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবির সঙ্গে বার্তা প্রকাশ করেছেন নেইমার। সেখানে তিনি লিখেছেন, ‘লামিন ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়।’

প্রতিবেদন অনুযায়ী, সান্তোসের এই তারকা স্কোর ৯০ ও সোফাস্কোর প্ল্যাটফর্মের একটি গ্রাফিক ব্যবহার করে নিজের দুটি অসাধারণ মৌসুমের সঙ্গে ইয়ামালের পারফরম্যান্সের তুলনা করেছেন। শেষ পর্যন্ত নিজের মূল্যায়নে ইয়ামালকেই বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছেন নেইমার।

গ্রাফিকে দেখা যায়, ২০১৭ থেকে ২০১৮ মৌসুমে প্যারিস সাঁ জার্মেইয়ের হয়ে ২৭ ম্যাচে ২৫ গোল ও ১৬টি অ্যাসিস্ট করেছিলেন নেইমার। অন্যদিকে, বার্সেলোনার হয়ে চলতি মৌসুমের প্রথম ১০ ম্যাচে ইয়ামাল করেছেন ৮ গোল ও ৯টি অ্যাসিস্ট।

নেইমারের কাছ থেকে এমন সমর্থন পেয়েছেন ইয়ামাল, যাঁর সঙ্গে ব্রাজিলিয়ান তারকার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০২৫ সালে ব্রাজিলে একসঙ্গে ছুটি কাটানোর পর থেকে তাঁদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।